এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ০৪:০৫ পিএম
পবিত্র ঈদুল আজহার নামাজ জাতীয় ঈদগাহ ময়দানে আদায় করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দলীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে বিএনপির শীর্ষ নেতাদের একটি বড় অংশ ঢাকায় থাকলেও অধিকাংশ মন্ত্রী ও সংসদ সদস্য নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন।
ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, সমাজকল্যাণ ও মহিলা-শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং জাতীয় সংসদের চিফ হুইপ।
অন্যদিকে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদের নামাজ পড়বেন ঠাকুরগাঁওয়ে। স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান থাকবেন নরসিংদীর পলাশে।
এছাড়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম ভোলায় এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনায় নিজ নিজ সংসদীয় আসনে ঈদের নামাজ আদায় করবেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর ধানমন্ডিতে ঈদের জামাতে অংশ নেবেন বলেও জানা গেছে।
দলীয় সূত্র আরও জানিয়েছে, ঈদের নামাজ শেষে ঢাকায় অবস্থানকারী বিএনপির শীর্ষ নেতারা দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।