ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

সাফ শুরুর আগে বড় চমক! বাংলাদেশ বদলে ফেলল অধিনায়ক


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ মে, ২০২৬, ০৪:০৫ পিএম

সাফ শুরুর আগে বড় চমক! বাংলাদেশ বদলে ফেলল অধিনায়ক

ঠিক যুদ্ধ শুরুর আগে সেনাপতি বদল! নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার এক দিন আগে বাংলাদেশ ফুটবল দলের নেতৃত্বে পরিবর্তন এনে দিয়েছেন প্রধান কোচ পিটার বাটলার। রোববার (২৪ মে) ভারতের গোয়ায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নতুন অধিনায়ক হিসেবে হাজির হন মারিয়া মান্দা।

এতদিন কী ছিল?
সাফের উদ্দেশে দেশ ছাড়ার আগে অধিনায়ক ঘোষণা করা হয়েছিল আফিদা খন্দকারকে। থাইল্যান্ডে দুই সপ্তাহের ক্যাম্প শেষে কোচ বাটলার নাকি সিদ্ধান্ত পাল্টান। বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ জানান, ‘থাইল্যান্ডে অনুশীলন ও পারফরম্যান্স দেখার পর কোচ মারিয়াকে অধিনায়ক বেছে নিয়েছেন। এটি সম্পূর্ণ কোচের সিদ্ধান্ত।’

কেন এমন সিদ্ধান্ত?
প্রায় এক দশক ধরে সাবিনা খাতুন ছিলেন দলের মেরুদণ্ড। তাঁর হাত ধরেই বাংলাদেশ টানা দুইবার সাফ চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু কোচ বাটলারের সঙ্গে দ্বন্দ্বের জেরে সাবিনা ছিটকে যান। এরপর আফিদাকে অধিনায়ক করে সংযুক্ত আরব আমিরাত সফরে গেলেও, থাইল্যান্ড ক্যাম্পে মারিয়া, ঋতুপর্ণার দারুণ পারফরম্যান্সই নাকি অধিনায়ক বদলের মূল কারণ।

এবার লক্ষ্য হ্যাটট্রিক:
বাংলাদেশের মেয়েদের এবার টানা তৃতীয়বারের মতো সাফ শিরোপা জয়ের মিশন। প্রস্তুতি হিসেবে থাইল্যান্ডের ব্যাংককে দুই সপ্তাহের বিশেষ ক্যাম্পে স্থানীয় ক্লাবের বিপক্ষে দুটি ম্যাচও খেলে ফেলেছে টাইগ্রেসরা। নতুন অধিনায়ক মারিয়া মান্দা ও কোচ পিটার বাটলার দুজনই আশাবাদী।

কবে খেলা শুরু?
সোমবার ভুটান-নেপাল আর ভারত-মালদ্বীপ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই আসর। তবে বাংলাদেশের মিশন শুরু ঈদের দিন (২৮ মে) মালদ্বীপের বিপক্ষে। ৩১ মে গ্রুপপর্বের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

সেমিফাইনাল ৩ জুন, আর ফাইনাল ৬ জুন। লড়াইটা তাই এখন জমাটি। দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।