এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ০৫:০৫ পিএম
গরমে হাঁসফাঁস করছে ভারত। উত্তরে হোক কিংবা দক্ষিণে, পূর্বে অথবা পশ্চিমে—প্রায় সব জায়গায় ভয়াবহ তাপপ্রবাহ। আর এই তীব্র গরমেই দক্ষিণের রাজ্য তেলেঙ্গানায় গত কয়েকদিনে প্রাণ গেল ১৬ জনের।
রোববার তেলেঙ্গানা প্রশাসন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। আরেক বিবৃতিতে রাজ্যের পরিকল্পনা সংস্থা টিজিডিপিএস জানিয়েছে, রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ১৬টিই তাপপ্রবাহের কবলে। সেখানকার তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। সতর্কতাও জারি করা হয়েছে সবচেয়ে বেশি।
সবচেয়ে বেশি মৃত্যু জয়শঙ্কর ভূপালপল্লি জেলায় (৪ জন)। তিনজন করে মারা গেছেন ওয়ারাঙ্গল আর্বান, করিমনগর ও নিজামাবাদে। আর সূর্যপেট, জগুলাম্বা গড়ওয়াল ও রঙ্গারেড্ডি জেলায় একজন করে। প্রতিটি মৃতের পরিবার পাবে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ।
খারাপ খবর হলো, তাপপ্রবাহ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তেলেঙ্গানা আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই-তিন দিন এ পরিস্থিতি একই রকম থাকবে।
প্রসঙ্গত, বিশ্বের ৫০টি তপ্ত শহরের তালিকায় শুক্রবার জায়গা পেয়েছিল তেলেঙ্গানার একাধিক শহর। রাজ্যের সবচেয়ে বেশি তাপমাত্রা কুমারম ভীম আসিফাবাদ জেলার সিরপুরে—৪৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
শুধু তেলেঙ্গানাই নয়, মে মাস শুরু হতেই দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, রাজস্থান—সব জায়গায় চৈতন্যবিহীন গরম। আর চিন্তার বিষয় হলো, দিনের তাপমাত্রা যেমন বাড়ছে, তেমনি রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ৪-৫ ডিগ্রি বেশি থাকছে।