ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

 বড় ঘোষণা ট্রাম্পের! ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়ো নয়, থাকবে নৌ অবরোধ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

 বড় ঘোষণা ট্রাম্পের! ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়ো নয়, থাকবে নৌ অবরোধ

ইরানের সঙ্গে চুক্তি করতে যুক্তরাষ্ট্র কোনো তাড়াহুড়ো করবে না। নিজের মুখেই জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, ‘আমি আমার প্রতিনিধিদের চুক্তি করতে তাড়াহুড়ো না করতে বলেছি। কারণ সময় এখন আমাদের পক্ষে।’

শনিবারের পোস্টে ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে চুক্তি ‘মোটামুটি চূড়ান্ত’। রোববার সেই বক্তব্য কিছুটা নরম করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে একটি বিষয় পরিষ্কার করে দিয়েছেন তিনি— চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে।

রোববারের পোস্টের শুরুতেই ২০১৫ সালের ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তির প্রসঙ্গ টানেন ট্রাম্প। সেই চুক্তিকে তিনি ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট’ এবং ‘ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সরাসরি পথ’ বলে আখ্যা দেন।

ট্রাম্প বলেন, ‘উভয় পক্ষকেই পর্যাপ্ত সময় নিতে হবে আর সঠিকভাবে কাজটি সম্পন্ন করতে হবে। কোনো ভুল করা যাবে না!’ ইরানের উদ্দেশে তিনি আরও সাফ জানান, ‘তারা কোনো পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি বা সংগ্রহ করতে পারবে না।’

তবে ইতিবাচক কথাও বলেন ট্রাম্প। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক ‘অনেক বেশি পেশাদার ও ফলপ্রসূ হয়ে উঠছে।’ পোস্টের শেষে তিনি আব্রাহাম চুক্তিতে এখনও যেসব দেশ যোগ দেয়নি, তাদের এগিয়ে আসার আহ্বান জানান। বলেন, ‘ইরানও সম্ভবত এতে যোগ দিতে চাইতে পারে।’

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। তাতে দেশটির সর্বোচ্চ নেতা নিহত হন। জবাবে ইরান ইসরায়েল ও পারস্য উপসাগরীয় মার্কিন মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি হয়, যা ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দিয়েছেন।