ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তির জল্পনায় ধসে পড়ল তেলের দাম, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্নে বাজার আজ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তির জল্পনায় ধসে পড়ল তেলের দাম, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্নে বাজার আজ

United States ও Iran শান্তিচুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে— প্রেসিডেন্ট Donald Trump-এর এমন দাবির পর আন্তর্জাতিক বাজারে বড় পতন দেখা গেছে অপরিশোধিত জ্বালানি তেলের দামে। সোমবার একদিনেই তেলের দাম কমেছে প্রায় ৬ শতাংশ। বাজার বিশ্লেষকদের মতে, বর্তমানে তেলের যে দর চলছে, তা গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

এক প্রতিবেদনে Reuters জানিয়েছে, সোমবার থেকে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেল বিক্রি হচ্ছে ৯৭ দশমিক ৭৯ ডলারে। যা আগের দিনের তুলনায় ৫ দশমিক ৮৫ ডলার বা প্রায় ৫ দশমিক ৭ শতাংশ কম।

একই দিনে অপরিশোধিত তেলের আরেক গুরুত্বপূর্ণ সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৯০ দশমিক ৮৫ ডলারে। রোববারের তুলনায় এর দাম কমেছে ৫ দশমিক ৭৫ ডলার বা প্রায় ৬ শতাংশ।

গত শনিবার White House-এ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থায়ী শান্তিচুক্তির লক্ষ্যে যে সমঝোতা আলোচনা চলছে, তা অনেক দূর এগিয়েছে। তিনি বলেন, এই চুক্তি স্বাক্ষরিত হলে Strait of Hormuz-এ জাহাজ চলাচল আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে।

ট্রাম্পের এই মন্তব্য সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করে।

বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে ব্রিটিশ বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান MST Marquee-এর বিশ্লেষক সাওল ক্যাভোনিক বলেন, “শান্তিচুক্তির সম্ভাবনা এবং হরমুজ প্রণালী ঘিরে ঝুঁকি থাকা সত্ত্বেও এখন কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। এতে স্বল্পমেয়াদে তেলের বাজারে স্বস্তি ফিরতে পারে।”

অন্যদিকে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ING-এর কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান ওয়ারেন প্যাটারস Reuters-কে বলেন, “ট্রাম্পের বক্তব্যের পর তেলের দাম আরও কমার কথা ছিল। তবে অতীতেও এমন আশার কথা বলা হলেও শেষ পর্যন্ত তা বাস্তব হয়নি। তাই এবার বাজার অনেক সতর্ক অবস্থানে রয়েছে। সত্যিকারের স্থিতিশীলতা তখনই আসবে, যখন আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক স্বাক্ষর হবে।”

এদিকে ব্রিটিশ বিশ্লেষক সংস্থা Phillip Nova-এর বিশ্লেষক প্রিয়াঙ্কা সাচদেব বলেন, “যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর থেকেই তেলের বাজারে অস্থিরতা বাড়ছিল। গত সপ্তাহে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেই জায়গা থেকে তেলের দাম ৬ শতাংশ কমে যাওয়া অবশ্যই ইতিবাচক খবর। তবে সংঘাত পুরোপুরি শেষ না হলে বাজারে স্থায়ী স্থিতিশীলতা ফিরবে না।”