এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ০৫:০৫ পিএম
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি স্বাক্ষরে ওয়াশিংটনের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বিশেষ যোগাযোগ ব্যবস্থা। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে সিবিএস জানায়, মোজতবা খামেনি বর্তমানে অত্যন্ত গোপন এক স্থানে অবস্থান করছেন। তিনি ইরানের সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন বিশ্বস্ত দূতদের এক বিশেষ নেটওয়ার্কের মাধ্যমে। খামেনি নিজে সরাসরি কোনো তথ্য জানতে চান না বা কোনো নির্দেশনাও দেন না। পুরো প্রক্রিয়াটি চালায় ওই দূতেরাই।
মার্কিন কর্মকর্তারা বলছেন, এই জটিল নেটওয়ার্কই সম্ভাব্য শান্তিচুক্তির পথে বড় বাধা। এমনকি ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য অনুমোদিত ইরানি আলোচকরাও নিজেদের সরকারি কাঠামোর মধ্যেই কার্যকরভাবে যোগাযোগ করতে হিমশিম খাচ্ছেন।
কর্মকর্তারা আরও জানান, যুক্তরাষ্ট্র যখনই কোনো প্রস্তাব পাঠায়, ইরান তা জানাতে দীর্ঘ সময় নেয়। কারণ মার্কিন প্রস্তাব সর্বোচ্চ নেতার কাছে পৌঁছাতে ও তার জবাব ফিরে আসতে এই দূত নেটওয়ার্কই ব্যবহার হয়।
এই ব্যাপারে বিস্তারিত জানতে হোয়াইট হাউসের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল সিবিএস, কিন্তু কেউ মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, মোজতবা খামেনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। গত ২৮ ফেব্রুয়ারি ‘অপরেশন এপিক ফিউরি’ শুরুর প্রথম দিনেই ইরানে মার্কিন হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি, তার স্ত্রী, নাতি ও পুত্রবধূ। গুরুতর আহত হন মোজতবা। বাবা নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা হন তিনি। বর্তমানে অত্যন্ত গোপন স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।