ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

ভয়াবহ খনি ধস! এক পরিবারের ১৩ জনসহ নিহত ২৮


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ মে, ২০২৬, ০৬:০৫ পিএম

ভয়াবহ খনি ধস! এক পরিবারের ১৩ জনসহ নিহত ২৮

মধ্য-আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে প্রাণ গেল ২৮ জনের। নিহতদের মধ্যে প্রায় অর্ধেকই একই পরিবারের সদস্য বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা। ঘটনাটি ঘটেছে দেশটির উত্তরাঞ্চলের একটি ঐতিহ্যবাহী ছোট খনিতে।

অ্যাঙ্গোলা হীরা ও সোনাসহ বিভিন্ন খনিজে সমৃদ্ধ। কর্মের সন্ধানে প্রতিবেশী দেশ থেকে হাজার হাজার মানুষ এখানে পাড়ি জমান। তাদের মধ্যে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) অনেক নাগরিকও রয়েছেন। আর এসব মানুষ কাজ নেন অবৈধ ও অনিয়ন্ত্রিত খনিগুলোতে।

কখন ও কোথায় ঘটেছে দুর্ঘটনা?
রাজধানী লুয়ান্ডার উত্তর-পূর্বে বেঙ্গো প্রদেশের ওই খনিতে শনিবার ভোরের দিকে ধস নেমে আসে। স্থানীয় কর্তৃপক্ষ ২৮ জনের মরদেহ উদ্ধার করেছে। নিহতদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।

অ্যাঙ্গোলার জাতীয় সম্প্রচারমাধ্যম টিপিএকে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘শ্রমিকরা ওই এলাকায় কৌশলগত খনিজ, বিশেষ করে সোনা উত্তোলন করছিলেন। হঠাৎ করেই খনিটি ধসে পড়ে।’ খনির ভেতরে আরও মরদেহ আছে কি না, তা জানতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

দেশটির উদ্ধারকারী বিভাগের এক কর্মকর্তাও নিহতের সংখ্যা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে ১৩ জন একই পরিবারের সদস্য।