এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ০৬:০৫ পিএম
দেশে হাম ও এর উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে প্রাণ হারিয়েছে আরও ১৭ জন শিশু। একই সময়ে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে এক হাজার ২২৪ জনের শরীরে।
সোমবার (২৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে দেখা যাচ্ছে, হামের উপসর্গেই ১৬ জন শিশু মারা গেছে। রাজধানী ঢাকা বিভাগে ৬ জন, সিলেটে ৩ জন, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ২ জন করে এবং ময়মনসিংহ বিভাগে ১ জন। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে একজন শিশু মারা গেছে।
মাত্র আড়াই মাসের ব্যবধানে (১৫ মার্চ থেকে এখন পর্যন্ত) সারা দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৫৪৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৬৪ হাজার ৯৪০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৭১৯ জন।
একই সময়ে হাম সন্দেহে ৫১ হাজার ৫৮৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ হাজার ৬১৯ জন।