চলতি বছরের ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের চতুর্থ আসর। এর আগে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নিলাম।

প্রাথমিকভাবে ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন, কিন্তু চূড়ান্ত তালিকায় ১৪ জন জায়গা পান। আয়োজকরা বিশ্বের প্রায় ৮০০ ক্রিকেটারের মধ্যে থেকে ৫৪১ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন। এর মধ্যে ২৪১ জন বিদেশি ক্রিকেটার থাকবেন ২৫টি স্লটের বিপরীতে। দক্ষিণ আফ্রিকার ৩০০ ক্রিকেটারের মধ্যে ৫৯ জন নিলামে সুযোগ পাবেন।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, শেখ মেহেদি হাসান, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব এবং জাকের আলী অনিক।

ইংল্যান্ডের ৯৭ জন ক্রিকেটার নিলামে রয়েছেন, যেখানে সাবেক পেসার জেমস অ্যান্ডারসন (৪৩ বছর), মঈন আলি, অ্যালেক্স হেলস এবং টম অ্যাবেল আছেন।

অস্ট্রেলিয়া থেকে নিলামে রয়েছেন ডার্সি শর্ট ও পিটার হ্যাটজগ্লু, ওয়েস্ট ইন্ডিজের ২৮, শ্রীলঙ্কার ২৪ এবং নেপালের দিপেন্দ্র সিং আইরি অন্তর্ভুক্ত। আফগানিস্তানের মধ্যে রহমানউল্লাহ গুরবাজ, নবিন উল হক থাকলেও রশিদ খান ও মোহাম্মদ নবীর নাম নেই।

দক্ষিণ আফ্রিকার তালিকায় রয়েছেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ রানার্সআপ দলের ক্রিকেটাররা—আনরিখ নরকিয়া, কুইন্টন ডি কক, কেশব মহারাজ, তাবরাইজ শামসি ও জেরাল্ড কোয়েতজি। সানরাইজার্স ইস্টার্ন কেপের সঙ্গে চুক্তি নবায়ন না করা এডেন মার্করাম নিয়েও নিলামে নজর থাকবে।

 

news