ব্যাটারিচালিত রিকশা খাতের ব্যবস্থাপনায় জীবিকা ও নিরাপত্তা বিবেচনার তাগিদ

ব্র্যাক ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) যৌথ গবেষণায় বলা হয়েছে, ব্যাটারিচালিত রিকশা খাতের ব্যবস্থাপনায় শুধু যানবাহন নিয়ন্ত্রণ নয়; চালক, মালিক, গ্যারেজ…

প্রকাশ: হালনাগাদ: ১৭ বার পঠিত
ব্যাটারিচালিত রিকশা খাতের ব্যবস্থাপনায় জীবিকা ও নিরাপত্তা বিবেচনার তাগিদ
— ছবি: ব্র্যাক
শেয়ার:

ব্র্যাক ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) যৌথ গবেষণায় বলা হয়েছে, ব্যাটারিচালিত রিকশা খাতের ব্যবস্থাপনায় শুধু যানবাহন নিয়ন্ত্রণ নয়; চালক, মালিক, গ্যারেজ পরিচালনাকারী, মেরামতকর্মী ও যাত্রীদের জীবিকা ও নিরাপত্তাও বিবেচনায় নিতে হবে।

২৪ নভেম্বর রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ব্যাটারিচালিত রিকশা: জীবন-জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক টেকসই রূপান্তর’ শীর্ষক নীতি আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ বক্তব্য দেন। অনুষ্ঠানে ‘বাংলাদেশে ব্যাটারিচালিত রিকশার রাজনৈতিক ও আর্থসামাজিক বাস্তবতা’ শীর্ষক গবেষণার ফলাফল ও পলিসি ব্রিফ উপস্থাপন করা হয়।

গবেষণায় দেখা গেছে, ব্যাটারিচালিত রিকশা কর্মসংস্থান, স্থানীয় অর্থনীতি ও স্বল্প খরচের যাতায়াত সুবিধা তৈরি করছে। একই সঙ্গে সড়ক নিরাপত্তা, অনিয়ন্ত্রিত বিদ্যুৎ ব্যবহার ও পরিবেশগত ঝুঁকিও বাড়ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেন, যানজট, বায়ুদূষণ, জলাবদ্ধতা, মশা ও আবর্জনার সমস্যাগুলো একটির সঙ্গে আরেকটি সম্পর্কিত। নগরবাসীর নির্বিঘ্ন চলাচলের অধিকারের পাশাপাশি রিকশাচালকদেরও বেঁচে থাকার ও কাজ করার অধিকার রয়েছে।

তিনি বলেন, সবাই ঢাকামুখী হতে থাকলে নাগরিক সুবিধা নিশ্চিত করা কঠিন হবে। তাই সব পক্ষকে সঙ্গে নিয়ে এবং ঢাকার সামগ্রিক সক্ষমতা বিবেচনা করে সমন্বিত পরিকল্পনা নিতে হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, অটোরিকশা বা রিকশাওয়ালাদের বিপক্ষে নয়। তাঁদের জীবন-জীবিকার অধিকার রক্ষা করতে হবে, তবে নিয়মের মধ্যে থাকলে জবাবদিহি তৈরি হবে।

তিনি জানান, একদিনেই সব সমাধান সম্ভব নয়। তবে অবৈধ অবস্থা থেকে রিকশাচালকদের বৈধতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, অনানুষ্ঠানিক খাতে কাজ করা মানুষের কণ্ঠস্বর নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছায় না। তিনি চালকদের বাস্তবতা বিবেচনা করে ন্যায়্য রূপান্তরের মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেন।

আসিফ সালেহ্ বলেন, সংশ্লিষ্ট সব পক্ষ একসঙ্গে বসে তিন থেকে চার বছরের রূপান্তর পরিকল্পনা তৈরি করুক। এতে চালক ও তাঁদের পরিবারের জীবিকার ক্ষতি কমিয়ে ধাপে ধাপে এগোনো সম্ভব হবে।

তিনি বলেন, রিকশাচালক ও ফুটপাতের হকারসহ অনানুষ্ঠানিক খাতের শ্রমিকেরা প্রতিদিন একধরনের অদৃশ্য কর দিচ্ছেন। এই টাকা রাষ্ট্রের কোষাগারে না গিয়ে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতে যায়।

আসিফ সালেহ্ জানান, গবেষণায় ৯৬ শতাংশ ব্যাটারিচালিত রিকশাচালকের কোনো লাইসেন্স বা অনুমতিপত্র নেই। দুই-তৃতীয়াংশ চালক কোনো না কোনো সময় জরিমানা বা হয়রানির শিকার হয়েছেন।

তিনি বলেন, ঢাকার ব্যাটারিচালিত রিকশাচালকদের ৭৮ শতাংশ অন্য জেলা থেকে এসেছেন। তাঁদের ৮৪ শতাংশ এসেছেন গ্রামে কাজ না থাকায়। তাই শুধু রিকশা বন্ধ করে এ বাস্তবতা বদলানো যাবে না।

আসিফ সালেহ্ বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন কর্মসংস্থানের সুযোগ সীমিত। এ অবস্থায় ব্যাটারিচালিত রিকশা অনেক পরিবারের টিকে থাকার শেষ অবলম্বন।

তিনি বলেন, সমস্যার সমাধান কোনো একটি মন্ত্রণালয়ের একার কাজ নয়। সড়ক পরিবহন, স্থানীয় সরকার, বিদ্যুৎ, পরিবেশ, শ্রম ও কৃষিসংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বিআইজিডির নির্বাহী পরিচালক ইমরান মতিন বলেন, রিকশাচালকেরা ঝুঁকিপূর্ণ জীবিকার মধ্যে আছেন। দুর্ঘটনা বা হয়রানির কারণে তাঁরা আবার দারিদ্র্যের মধ্যে পড়তে পারেন।

তিনি বলেন, পথচারীরা যেমন দেশের নাগরিক, তেমনি ব্যাটারিচালিত রিকশা চালানো ব্যক্তিরাও নাগরিক। এই বাস্তবতা মাথায় রেখে ন্যায়্য ও সহজ রূপান্তরের কথা ভাবতে হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের প্যানেল আলোচনায় বক্তব্য রাখেন বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক সামছুল হক, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ, ব্র্যাকের পরিচালক আহমেদ নাজমুল হুসেইন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. আসফিকুজ্জামান আকতার, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ শফিউল আলম, রহিম আফরোজ ব্যাটারিজ লিমিটেডের নির্বাহী পরিচালক ফারাজ রহিম, নিউ এইজ পত্রিকার সাংবাদিক শাহিন আখতার এবং ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের পরিচালক শাশ্বতী বিপ্লব। বিআইজিডির অপারেশনস ডিরেক্টর মেহনাজ রব্বানী গবেষণার ফলাফল উপস্থাপন করেন। এ ছাড়া দুই সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, উন্নয়নকর্মী, গবেষক, প্রকৌশলী, নাগরিক সমাজের প্রতিনিধি, রিকশাচালকদের প্রতিনিধিত্বকারী সংগঠন ও বিশেষজ্ঞরা অংশ নেন।

গবেষণাটি ঢাকার ৩০০ জন এবং বরিশালের ১৫০ জনসহ মোট ৪৫০ জন সক্রিয় ব্যাটারিচালিত রিকশাচালকের ওপর জরিপ এবং সংশ্লিষ্ট অংশীজনদের অভিজ্ঞতার ভিত্তিতে করা হয়েছে। ২০২৬ সালের ১১ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত জরিপের তথ্য সংগ্রহ করা হয়।

গবেষণায় দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ৯৫.৬ শতাংশ চালকের কোনো লাইসেন্স বা অনুমতিপত্র নেই। ৭৮.২ শতাংশ চালক ভাড়ায় রিকশা চালান এবং তাঁদের আয়ের গড়ে ৩৮.৬ শতাংশ রিকশার ভাড়া পরিশোধে ব্যয় হয়।

আয় বন্ধ হলে ৬২.৯ শতাংশ চালক এক সপ্তাহও পরিবারের ব্যয় চালাতে পারবেন না। জরিপের আগের এক মাসে ২৬.৭ শতাংশ চালক অন্তত একবার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

গবেষণায় বলা হয়েছে, গ্যারেজগুলো রিকশা ভাড়া দেওয়া, চার্জিং, ব্যাটারি পরিবর্তন, মেরামত, ঋণসহায়তা এবং দুর্ঘটনা বা জরিমানার সময় সহায়তা দেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে অনিয়ন্ত্রিত বিদ্যুৎ ব্যবহার ও সরকারি জায়গায় গ্যারেজ পরিচালনাও এ ব্যবস্থার সঙ্গে যুক্ত।

গবেষণায় বলা হয়েছে, প্রচলিত লেড-অ্যাসিড ব্যাটারির অনানুষ্ঠানিক উৎপাদন ও পুনর্ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে।

গবেষণায় বলা হয়েছে, ২০২৬ সালে স্থানীয় সরকার বিভাগের প্রণীত ‘তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা’ এ খাতকে স্বীকৃতি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে এর কার্যকর বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ।

গবেষণায় সুপারিশ করা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানগুলোর বাস্তবায়ন সক্ষমতা ও অংশীজনদের বিধিমালা পরিপালনের সামর্থ্য বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে প্রাতিষ্ঠানিকীকরণের রূপরেখা প্রণয়ন করতে। এ ছাড়া যানবাহনের ন্যূনতম নিরাপত্তামান, চলাচলের নির্ধারিত এলাকা ও সড়ক ব্যবহারের সুস্পষ্ট নির্দেশনা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, যানবাহন রূপান্তর বা প্রতিস্থাপন, ব্যাটারির মানোন্নয়ন, চার্জিং, বীমা ও লাইসেন্সিংয়ের ব্যয় চালক ও মালিকদের সামর্থ্যের মধ্যে রাখতে হবে। এতে তাঁরা জীবিকা থেকে ছিটকে পড়বেন না এবং যাত্রী ভাড়াও উল্লেখযোগ্যভাবে বাড়বে না।

বিদ্যমান গ্যারেজ ও সেবা নেটওয়ার্ককে বাদ না দিয়ে প্রয়োজনীয় সহায়তা ও প্রণোদনার মাধ্যমে নতুন ব্যবস্থার সঙ্গে যুক্ত করার পরামর্শও দেওয়া হয়েছে। গবেষণায় পরিবেশবান্ধব চার্জিং ব্যবস্থা উৎসাহিত করা এবং ব্যবহৃত ব্যাটারি সংগ্রহ, নিরাপদ নিষ্পত্তি ও পুনর্ব্যবহারের কার্যকর ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, ব্যাটারিচালিত রিকশার ব্যবস্থাপনায় একক নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ যথেষ্ট নয়। সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও সমন্বয় স্পষ্ট করা, নিয়মের ধারাবাহিক ও সমান প্রয়োগ নিশ্চিত করা এবং অংশীজনদের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে যুক্ত করা জরুরি।

আব্দুল্লাহ আল মাসুম
আব্দুল্লাহ আল মাসুম

স্টাফ রিপোর্টার, NBS Bangla

সম্পর্কিত সংবাদ

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার রোধে নীতিমালা তৈরির জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ …

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় আসছে ভারতের জলসম্পদ প্রতিনিধিদল, নবায়ন আলোচনায় নেই

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় আসছে ভারতের জলসম্পদ প্রতিনিধিদল, নবায়ন আলোচনায় নেই

দ্য প্রিন্টের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ–ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ…