জেডিপির গণ-সমাবেশ: শ্রমিকের অধিকার, ব্যবসায়ীদের নিরাপত্তা ও দ্রব্যমূল্য স্থিতিশীলতার দাবি

জেডিপি ও জাতীয় জনতার জোটের গণ-সমাবেশে শ্রমিকের অধিকার, ব্যবসায়ীদের নিরাপত্তা ও দ্রব্যমূল্য স্থিতিশীলতার দাবি জানানো হয়েছে।

Published: Updated: 0 views
জেডিপির গণ-সমাবেশ: শ্রমিকের অধিকার, ব্যবসায়ীদের নিরাপত্তা ও দ্রব্যমূল্য স্থিতিশীলতার দাবি
— Photo: জেডিপি
Share:

শ্রমিকের অধিকার, ব্যবসায়ীদের নিরাপত্তা, আইনের শাসন ও দ্রব্যমূল্যের স্থিতিশীলতার দাবিতে শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ-সমাবেশ করেছে বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (জেডিপি) ও জাতীয় জনতার জোট। জেডিপি এবং জাতীয় জনতার জোটের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন সমাবেশে সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন চাষীমাসুম, আহবায়ক-কৃষক সমিতি।

সভাপতির সমাপনি বক্তব্যে মোঃ দেলোয়ার হোসাইন বলেন, "আজ বাংলাদেশ একাধিক অর্থনৈতিক, সামাজিক ও রাষ্ট্রীয় চ্যালেঞ্জের মুখোমুখি। সাধারণ মানুষ দ্রব্যমূল্যের চাপে দিশেহারা, শ্রমিকেরা ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশের প্রত্যাশায় সংগ্রাম করছেন, শিল্পমালিকেরা ব্যবসার অনিশ্চয়তা ও নানা প্রতিবন্ধকতার মুখোমুখি। লাখ লাখ তরুণ কর্মসংস্থানের অপেক্ষায়। জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ, আইনশৃঙ্খলা এবং বিনিয়োগের পরিবেশ নিয়েও মানুষের উদ্বেগ রয়েছে। আমরা মনে করি, শুধু সমস্যার কথা বললে হবে না; প্রতিটি সমস্যার বাস্তবসম্মত সমাধান দিতে হবে।

রাষ্ট্র পরিচালনার মূল লক্ষ্য হতে হবে মানুষের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক নিরাপত্তা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা। একটি কারখানা শুধু ইট-পাথরের ভবন নয়। একটি কারখানা হাজারো শ্রমিকের কর্মসংস্থান, হাজারো পরিবারের অন্ন-বস্ত্র-বাসস্থানের নিশ্চয়তা এবং দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। শ্রমিকের ঘাম দিয়ে শিল্পের চাকা ঘোরে। তাই শ্রমিককে তার ন্যায্য মজুরি, সময়মতো বেতন, বোনাস, নিরাপদ কর্মপরিবেশ, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা দিতে হবে।"

তিনি আরও বলেন, "একই সঙ্গে শিল্পমালিকদের ও নিরাপদে ব্যবসা পরিচালনার নিশ্চয়তা দিতে হবে। চাঁদাবাজি, হয়রানি, অযৌক্তিক বাধা, রাজনৈতিক প্রভাব ও অনিরাপত্তা থেকে শিল্পপ্রতিষ্ঠানকে মুক্ত রাখতে হবে।" জেডিপি চেয়ারম্যানের পক্ষ থেকে দাবি জানানো হয়—জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকের ন্যায্য মজুরি নির্ধারণ; সময়মতো বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করা; শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-সরকারের ত্রিপক্ষীয় আলোচনার ব্যবস্থা; কারখানায় নিরাপত্তা, অগ্নিনির্বাপণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা; শিল্পমালিকদের চাঁদাবাজি, সন্ত্রাস ও প্রশাসনিক হয়রানি থেকে সুরক্ষা দেওয়া এবং শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধের ক্ষেত্রে স্বচ্ছ আইনগত প্রক্রিয়া নিশ্চিত করা।

তিনি বলেন, "আমাদের অবস্থান পরিষ্কার—শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প বাঁচলে অর্থনীতি বাঁচবে।"

দ্রব্যমূল্য প্রসঙ্গে দেলোয়ার বলেন, দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ফিরিয়ে আনতে হবে। "একজন সাধারণ মানুষ সারাদিন পরিশ্রম করেও যখন চাল, ডাল, তেল, পেঁয়াজ, ডিম, মাছ ও মাংস কিনতে হিমশিম খান, তখন উন্নয়নের সুফল তার কাছে পৌঁছায় না।" বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কৃত্রিম সংকট, মজুতদারি, সরবরাহব্যবস্থার দুর্বলতা এবং প্রতিযোগিতাবিরোধী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা রাষ্ট্রের দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

জেডিপি চেয়ারম্যান বলেন, বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থানের বাস্তবমুখী পরিকল্পনা প্রয়োজন। "বাংলাদেশের তরুণ সমাজ আমাদের সবচেয়ে বড় সম্পদ। কিন্তু শিক্ষিত তরুণ যখন চাকরি পান না, দক্ষ যুবক যখন কাজের সুযোগ পান না, তখন ব্যক্তিগত হতাশার পাশাপাশি জাতীয় উৎপাদনশীলতাও ক্ষতিগ্রস্ত হয়। আমরা চাই না একজন তরুণ শুধু চাকরির আশায় বছরের পর বছর অপেক্ষা করুক। আমরা চাই তরুণরা দক্ষতা অর্জন করে চাকরি করুন, উদ্যোক্তা হন কিংবা নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করুক।"

তিনি আরও বলেন, "আমরা সংঘাত চাই না, সমাধান চাই। আমরা শ্রমিকের সঙ্গে মালিকের বিরোধ চাই না, চাই ন্যায্য অধিকার ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শিল্পের বিকাশ। আমরা ব্যবসা বন্ধ করতে চাই না, বরং ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমরা বাজারের স্বাভাবিক প্রতিযোগিতা নষ্ট করতে চাই না, বরং সিন্ডিকেট ও অন্যায্য মুনাফার সুযোগ বন্ধ করতে চাই।" তিনি বলেন, এমন রাজনীতি চান তারা, যে রাজনীতি মানুষের পেটের ভাত, কর্মসংস্থান, নিরাপত্তা, চিকিৎসা, শিক্ষা ও মর্যাদার কথা বলবে।

"রাষ্ট্র কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা বিশেষ স্বার্থের সম্পত্তি নয়। রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। তাই রাষ্ট্র পরিচালনার প্রতিটি সিদ্ধান্তে জনগণের স্বার্থ, অধিকার ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।" তিনি বলেন, "আসুন, আমরা বিভেদ নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি। প্রতিহিংসা নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠা করি। প্রতিশ্রুতির রাজনীতি নয়, বাস্তবসম্মত পরিকল্পনা ও জবাবদিহির রাজনীতি প্রতিষ্ঠা করি।"

সমাবেশে বক্তারা বলেন, একটি দেশের অর্থনীতি সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ অপরিহার্য। বিদ্যুতের অনিশ্চয়তা ও জ্বালানির মূল্যবৃদ্ধি শিল্প, কৃষি, পরিবহন এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলে। তারা বলেন, আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠা সরকারের ওয়াদা ছিল। মানুষ তার ঘরে, রাস্তায়, কর্মস্থলে ও ব্যবসাপ্রতিষ্ঠানে নিরাপদ থাকতে চায়। "ব্যবসায়ী চাঁদাবাজির ভয়েই থাকবেন না, শ্রমিক অন্যায়ের ভয়ে নীরব থাকবেন না, সাধারণ মানুষ বিচার চাইতে গিয়ে হয়রানির শিকার হবেন না।"

সমাবেশে উপস্থিত ছিলেন সমতা পার্টির চেয়ারম্যান হানীফ বাংলাদেশী, ন্যাশনাল সবুজ বাংলা পার্টির চেয়ারম্যান শাহ আলম তাহের, নতুন বাংলার চেয়ারম্যান আকবর হোসেন ফাইটন, শান্তির দলের মহাসচিব ইঞ্জি: মামুন, ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইঞ্জি: আনিসুর রহমান, জেডিপি দলের মহাসচিব হাজী আব্দুর রহিম, যুগ্ম-মহাসচিব মোঃ ফয়েজ আহমেদ, কেন্দ্রীয় নেতা নুরুজ্জামানসহ বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় জনতার জোট এবং জাতীয় নেতৃবৃন্দ।

সংবাদ বিজ্ঞপ্তি
সংবাদ বিজ্ঞপ্তি

কন্ট্রিবিউটর, NBS Bangla

Related News