ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে ঘিরে আবারও আলোচনার ঝড়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি প্রকাশ্যে এনেছেন এক যুগ আগের এক তিক্ত ও বিস্ময়কর অভিজ্ঞতার কথা। সেখানে ফারিয়া জানান, দেশের বাইরে একটি অনুষ্ঠানে কণ্ঠশিল্পী কনার পাশে দাঁড়ানোয় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত হতে হয়েছিল।

সাক্ষাৎকারে সেই দিনের কথা স্মরণ করে নুসরাত ফারিয়া বলেন, “কনা আপুর জন্য আমি মার খেয়েছিলাম।” তিনি জানান, ২০১৩ সালে একটি শো করতে নেপালে গিয়েছিলেন। ওই অনুষ্ঠানে তিনি উপস্থাপনার দায়িত্বে ছিলেন। শিল্পীদের তালিকায় ছিলেন কনা এবং নগরবাউল জেমস। নেপালের সেই শোটি ছিল বেশ বড় আয়োজনের।

ফারিয়া জানান, অনুষ্ঠানের সময় কনার সঙ্গে দুর্ব্যবহার করা হয়। বিষয়টি মেনে নিতে পারেননি তিনি। সেদিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে অভিনেত্রী বলেন, “কোনো একটা কারণে আয়োজকের স্ত্রী কনা আপুর সঙ্গে খারাপ ব্যবহার করেন। আমি তখন এর প্রতিবাদ করি। স্পষ্টভাবে বলি—এই আচরণের জন্য কনা আপুর কাছে ক্ষমা চাইতে হবে।”

এই প্রতিবাদের জেরেই পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়। নুসরাত ফারিয়া বলেন, “ওরা তখন আমাকে আটকে রাখে। তখন বয়স কম ছিল, রক্ত গরম ছিল, মাথাও গরম ছিল।” সেই মুহূর্তে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে তাকে শারীরিকভাবে হেনস্তার শিকার হতে হয়।

সবসময় সোশ্যাল মিডিয়ায় সরব থাকা নুসরাত ফারিয়ার শোবিজে যাত্রা শুরু হয়েছিল রেডিও জকি হিসেবে। পরে টিভি উপস্থাপনা দিয়ে তিনি ব্যাপক পরিচিতি পান। এরপর চলচ্চিত্রে অভিনয়ে নাম লেখানোর পর তার ক্যারিয়ার নতুন মোড় নেয় এবং তিনি ঢালিউডের আলোচিত মুখে পরিণত হন।

 

news