গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার ব্যাপারে কোনোভাবেই পিছু হটতে রাজি নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি স্পষ্ট করে বলেছেন, আর্কটিকের এই বিশাল দ্বীপটি মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্য থেকে ‘পেছনে ফেরার কোনো পথ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য অপরিহার্য’।
বুধবার ২১ ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এর আগের দিন মঙ্গলবার ২০ ডিসেম্বর হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করেন—গ্রিনল্যান্ড দখলের বিষয়ে তিনি কতদূর যেতে প্রস্তুত? জবাবে ট্রাম্প বলেন, আপনারা খুব শিগগিরই তা জানতে পারবেন।
এদিকে, সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো ‘নিয়মহীন বিশ্বের দিকে ধাবিত হওয়ার’ বিষয়ে সতর্ক করেছেন। একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও।
বুধবার ট্রাম্পের দাভোসে পৌঁছানোর কথা রয়েছে। তিনি জানিয়েছেন, সেখানে গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে তার ‘অনেকগুলো বৈঠক নির্ধারিত আছে’।
দীর্ঘ সংবাদ সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, গ্রিনল্যান্ড নিয়ে সবকিছু শেষ পর্যন্ত বেশ ভালোভাবেই মিটে যাবে।
গ্রিনল্যান্ড পাওয়ার বিনিময়ে যদি ন্যাটো জোট ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়, সেটি তিনি মেনে নেবেন কি না—বিবিসির এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ন্যাটোর জন্য আমার চেয়ে বেশি কাজ আর কেউ করেনি।
তিনি আরও যোগ করেন, ন্যাটো খুশি হবে, আমরাও খুশি হব। বিশ্ব নিরাপত্তার জন্য এটি আমাদের প্রয়োজন।
তবে এর আগেই ন্যাটোর ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, আমি জানি আমরা ন্যাটোকে উদ্ধারে এগিয়ে যাব, কিন্তু তারা আমাদের উদ্ধারে আসবে কি না—এ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।
