জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে বোর্ড।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার বিষয়ে বিসিবির সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার সংবাদমাধ্যমে নিজের মতামত দেন তামিম ইকবাল। সেই মন্তব্যের একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার করে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম লেখেন, ‘এইবার আরো একজন পরিক্ষিত (পরীক্ষিত) ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দু চোখ ভরে দেখলো।’

এই পোস্ট ছড়িয়ে পড়তেই ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটারদের পাশাপাশি বর্তমান ও সাবেক অনেক ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে প্রতিবাদ জানান। বিষয়টি নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

কোয়াবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্য আমাদের নজরে এসেছে। আমরা এতে স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল ওপেনার, যিনি ১৬ বছর দেশের হয়ে খেলেছেন—তাকে নিয়ে একজন বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয়।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘শুধু তামিম নন, দেশের কোনো ক্রিকেটারকে নিয়েই এ ধরনের মন্তব্য অগ্রহণযোগ্য এবং পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক। আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই।’

কোয়াব জানায়, বিসিবি সভাপতির কাছে ইতোমধ্যেই প্রতিবাদলিপি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক যখন প্রকাশ্য প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেন, তখন বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়েও প্রশ্ন ওঠে। কোয়াব প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট পরিচালকের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

এই বিবৃতির পরই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড আনুষ্ঠানিকভাবে বিষয়টি আমলে নিয়েছে। এখন অপেক্ষা—এম নাজমুল ইসলামের বিরুদ্ধে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা কী ধরনের সিদ্ধান্ত নেয়।

 

Walton Ads