যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য বাংলাদেশি নাগরিকদের জন্য এবার নতুন শর্ত আসছে। আগামী ২১ জানুয়ারি থেকে ব্যবসা ও পর্যটন ভিসা (বি১/বি২) প্রক্রিয়ায় একটি বড় পরিবর্তন কার্যকর হবে। ইউএস অ্যাম্বেসি ঢাকা সোমবার (১৯ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই নতুন নিয়মের ঘোষণা দিয়েছে।
দূতাবাসের ঘোষণা অনুযায়ী, ২১ জানুয়ারি ২০২৫-এর পর যারা বি১/বি২ ভিসার জন্য অনুমোদন পাবেন, তাদেরকে একটি 'ভিসা বন্ড' জমা দিতে হবে। এই বন্ডের সর্বোচ্চ পরিমাণ হতে পারে ১৫ হাজার মার্কিন ডলার (প্রায় ১৬ লক্ষ টাকা)। তবে, ২১ জানুয়ারির আগে ইস্যু করা ভিসাগুলোর ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না।
দূতাবাস স্পষ্ট করে দিয়েছে, ভিসা সাক্ষাৎকারের আগে কখনোই এই বন্ডের অর্থ পরিশোধ করা যাবে না। এই বন্ড দিলেই যে ভিসা পাওয়ার গ্যারান্টি মিলবে, তাও নয়। তাছাড়া তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা এজেন্টের মাধ্যমে এই টাকা দিতে সতর্ক করে দিয়েছে তারা, এটা প্রতারণামূলক হতে পারে বলেই তাদের সতর্কবাণী।
ভিসা সাক্ষাৎকারের আগে কোনো অর্থ জমা দিলে সেটি ফেরতযোগ্য নয়। তবে, যদি সব শর্ত সঠিকভাবে মেনে ভ্রমণ সম্পন্ন করা হয় এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পর নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হয়, তবে এই বন্ডের পুরো টাকাই ফেরত পাওয়া যাবে। অর্থাৎ, এটি এক ধরনের নিরাপত্তামূলক জামানত।
এই নতুন নিয়ম সম্পর্কে সম্পূর্ণ এবং হালনাগাদ তথ্য শুধুমাত্র যুক্তরাষ্ট্র দূতাবাসের নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটেই পাওয়া যাবে। দূতাবাস সবাইকে সরাসরি তাদের অফিসিয়াল চ্যানেল থেকে তথ্য নিতে বলেছে, যাতে করে কোনো অপপ্রচার বা প্রতারণার শিকার না হতে হয়।
যদিও দূতাবাস এই পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেনি, তবে এটি ভিসা শর্তাবলী আরও কঠোর ও স্বচ্ছ করার প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে। এতে করে শুধুমাত্র প্রকৃত ভ্রমণকারীরাই যেন ভিসা পান, সেটি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।