যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে এখন যুদ্ধবিরতি চলছে। তার মধ্যেই মধ্যপ্রাচ্যে আরেকটি বিশাল মার্কিন বিমানবাহী রণতরি ঢুকেছে। এই পদক্ষেপে গোটা বিশ্বে তৈরি হয়েছে নতুন জট আর তীব্র প্রশ্ন—শান্তি নাকি যুদ্ধের প্রস্তুতি?
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ নামের রণতরিটি তাদের দায়িত্বের জায়গায় পৌঁছে গেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, নিমিটজ শ্রেণির এই প্রকান্ড রণতরি এগোচ্ছে ভারত মহাসাগরের দিকে।
প্রশ্ন হচ্ছে, এই জাহাজটা কি আগে থাকা কোনো জাহাজের বদলি হিসেবে এসেছে, নাকি অতিরিক্ত শক্তি হিসেবে যোগ দিয়েছে? এ বিষয়ে এখনো পরিষ্কার কিছু জানায়নি পেন্টাগন। বিশ্লেষকদের ভাষ্য, এই অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এর আগেই যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তাদের আরেক দানব রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড লোহিত সাগরে তৎপর রয়েছে। একই সঙ্গে ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ আরও নানা জাহাজ মোতায়েন আছে গুরুত্বপূর্ণ সমুদ্রপথে।
ইরানপন্থী বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি চলাকালীন এই বাড়তি সামরিক উপস্থিতি শান্তির লক্ষণ নয়, বরং চাপ সৃষ্টির পুরনো কৌশল। তাদের দাবি, আমেরিকা এক দিকে আলোচনার টেবিলে বসতে চায়, আরেক দিকে সমুদ্র ভরিয়ে দিচ্ছে রণতরিতে—এতে অঞ্চলের অস্থিরতা আরও বাড়ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথগুলোতে এই উপস্থিতি বাণিজ্যিক জাহাজ চলাচল ও আঞ্চলিক নিরাপত্তায় বড় প্রভাব ফেলতে পারে।
শেষ পর্যন্ত, যুদ্ধবিরতি বহাল থাকলেও আমেরিকার এই পদক্ষেপ পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। আর ইরান স্পষ্ট বার্তা দিচ্ছে—তারা নিজেদের অবস্থানে আগের মতোই অনড়।
