নারায়ে তাকবির, আল্লাহু আকবার ধ্বনির মধ্য দিয়ে বিকেল পৌনে ৪টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে প্রবেশ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনোত্তর এই সংবাদ সম্মেলনে যোগ দিতে উপস্থিত সাংবাদিক, বিদেশি অতিথি ও দলীয় নেতাকর্মীরা দাঁড়িয়ে তাকে স্বাগত জানান। ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর দলের শীর্ষ নেতার এই প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, তাই ছিল সবার নজর কাড়তে ।

'দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেব না'
মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে শুরুতেই স্পষ্ট ভাষায় নিজের অবস্থান জানান দেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, "দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই হোক, কোনো অজুহাতেই দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না। ন্যায়পরায়ণতাই হবে আমাদের আদর্শ।"

তারেক রহমান আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে সব প্রচেষ্টা ব্যর্থ হবে। এসময় তিনি স্পষ্ট করে জানান, সরকারি দল কিংবা বিরোধী দল— সবার জন্যই আইনের সমান প্রয়োগ নিশ্চিত করতে হবে। "কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না," বলে হুঁশিয়ারি দেন তিনি ।

'এটি জনগণের জয়'
নির্বাচনে বিপুল জয়কে উৎসর্গ করেন সাধারণ মানুষের প্রতি। তারেক রহমানের ভাষায়, "দেশের মুক্তিকামী মানুষ বিএনপিকে জয়ী করেছে। এটি বিএনপির জয় নয়, এটি বাংলাদেশের জয়, এটি গণতন্ত্রের জয়।" তিনি মনে করিয়ে দেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর এই বিজয় অর্জিত হয়েছে। "আজ থেকে সবাই মুক্ত। সবার অংশগ্রহণের মাধ্যমেই দেশে ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রযাত্রা শুরু হয়েছে,"—উচ্ছ্বসিত কণ্ঠে জানান তিনি ।

যে চ্যালেঞ্জগুলো সামনে
নির্বাচনে জয় পেলেও সামনের পথ যে মোটেও মসৃণ নয়, তা স্বীকার করে নেন ভবিষ্যৎ সরকারপ্রধান। তিনি স্বীকার করেন, "আমরা এমন এক পরিস্থিতিতে যাত্রা শুরু করতে যাচ্ছি, যেখানে কর্তৃত্ববাদী শাসন অর্থনীতিকে দুর্বল করে দিয়েছে, সাংবিধানিক ও কাঠামোগত প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে এবং আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে।" এই ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তুলতে সবার সহযোগিতা চান তিনি ।

ভারত-বাংলাদেশ সম্পর্ক: কী বললেন তারেক রহমান?
সাংবাদিকদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল ভারতের সঙ্গে ভবিষ্যতের সম্পর্ক নিয়ে। জবাবে বিএনপি চেয়ারম্যান সতর্ক ও ভারসাম্যপূর্ণ অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, "পররাষ্ট্রনীতি নিয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। সেটি হলো বাংলাদেশের স্বার্থ এবং বাংলাদেশের মানুষের স্বার্থ সবার আগে। বাংলাদেশের স্বার্থ ও জনগণের স্বার্থ রক্ষা করেই আমরা আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করব।" 

ঐক্যের ডাক
সংবাদ সম্মেলনের শেষ দিকে দেশবাসীর প্রতি ঐক্যের বার্তা দেন তারেক রহমান। তিনি আহ্বান জানান, "আমাদের পথ ও মত ভিন্ন হতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয় ঐক্যই আমাদের শক্তি, আর বিভাজন দুর্বলতা।" 

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। প্রায় দুই দশক পর ক্ষমতায় ফিরতে যাচ্ছে দলটি ।

 

news