ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরই ঐক্যের ডাক দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের ফল ঘোষণার পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। এবার দেশ গড়ার পালা—সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটার পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিজয়ের উচ্ছ্বাসের মধ্যেও দায়িত্বশীলতার বার্তা দেন বিএনপি চেয়ারম্যান।
তারেক রহমান বলেন, জনগণ বিপুল সমর্থন দিয়ে বিএনপিকে দায়িত্ব দিয়েছে। সেই আস্থার প্রতিদান দিতে দল ও নেতাকর্মীদের আরও দায়িত্বশীল হতে হবে। বিজয় উদযাপনে শান্ত ও সংযত থাকার জন্য তিনি নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশ গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভিন্নমত থাকতেই পারে, কিন্তু জাতীয় স্বার্থে ঐক্য অটুট রাখা জরুরি।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান বিএনপি চেয়ারম্যান। তিনি আশা প্রকাশ করেন, জনগণের প্রত্যাশা পূরণে নতুন সরকার ইতিবাচক ও গঠনমূলক পদক্ষেপ নেবে।
ঘোষিত ফল অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এছাড়া দলটির শরিকরা পেয়েছে আরও ৩টি আসন। ফলে সংসদে বিএনপির শক্ত অবস্থান নিশ্চিত হয়েছে।
বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে তার এই ঐক্যের বার্তা রাজনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য বহন করছে।
