ঈদের পর দেশের প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর পরিকল্পনা করছে সরকার। এমন ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (২৫ মে) রাজধানীর ফার্মগেটে ৬৫ বছরের বেশি বয়সী, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়ের বিশেষ কার্ড উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিজেই ঈদের সময় নারীদের জন্য আলাদা কোচ চালুর নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে রোববার (২৪ মে) রাতে প্রধানমন্ত্রী তার সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেনের দুটি কোচে আজ থেকেই নারীরা আলাদাভাবে যাত্রা করতে পারবেন। আর ঈদের পর ধাপে ধাপে সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য পৃথক কোচ চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে।

মেট্রোরেল নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দেন শেখ রবিউল আলম। তিনি বলেন, বর্তমানে সাড়ে ৪ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করছে। ভবিষ্যতে নতুন কোচ কেনা সম্ভব হলে এই সময় আরও কমানো যাবে।

এছাড়া বয়স্ক ও প্রতিবন্ধীদের মতো শিক্ষার্থীদের জন্যও বিশেষ কার্ড চালুর পরিকল্পনার কথা জানান তিনি। মন্ত্রী বলেন, মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনে শিক্ষার্থীদের জন্যও ২৫ শতাংশ ছাড়ের বিশেষ কার্ড দেওয়ার চিন্তা করছে সরকার।

ঈদুল আজহা সামনে রেখে যাত্রী চাপ নিয়েও কথা বলেন রেলমন্ত্রী। তিনি জানান, মাত্র দুই দিনে দেড় কোটির বেশি মানুষ ঢাকা ছাড়তে পারেন।

তিনি বলেন, অনেক যাত্রী টিকিট কেটে বা নির্ধারিত গাড়ির জন্য অপেক্ষা করতে চান না, যা নিরুৎসাহিত করা উচিত। একই সঙ্গে তিনি জানান, পর্যাপ্ত ফিটনেসবিহীন গাড়ি এখনো চলাচল করছে। তবে ধাপে ধাপে এসব যানবাহন বন্ধ করা হবে।

 

Walton Ads