বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল ফ্র্যাঞ্চাইজি নিয়ে নাটকীয়তা যেন শেষই হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত ১১ অক্টোবর বিপিএলের ফ্র্যাঞ্চাইজির জন্য যে দশটি অঞ্চলের নাম প্রকাশ করেছিল, তাতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কুমিল্লার পাশাপাশি প্রথমবারের মতো যুক্ত ছিল নোয়াখালী ও ময়মনসিংহ। সে সময় নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে চেয়েছিল বাংলা মার্ক লিমিটেড ।
প্রাথমিক যাচাই–বাছাই শেষে সেই প্রতিষ্ঠানটি দল পাওয়ার দৌড় থেকে বাদ পড়ে যায়। তবে মাসখানেকের ব্যবধানেই বিপিএলে যুক্ত হওয়ার সুযোগ পেল নোয়াখালী! এবার তাদের মালিকানা নিয়েছে দেশ ট্রাভেলস। দুই দফা যাচাই–বাছাই, কাগজপত্রের খুঁটিনাটি বিশ্লেষণ, আর্থিক স্বচ্ছতা পরিমাপ শেষে গত ৫ নভেম্বর আগামী পাঁচ বিপিএলের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল।
তবে শেষ পর্যন্ত ছয়টি দলকে চূড়ান্ত করেছে বিসিবি। জানা গেছে, এবারের নিলামে তারা অংশ নিচ্ছে। পুরোনো দলগুলোর মধ্যে আগেই যুক্ত হয়েছিল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস । তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয় সিলেট টাইটান্স চট্টগ্রাম রয়্যালসও রাজশাহী ওয়ারিয়র্স । ষষ্ঠ দল হিসেবে এল নোয়াখালী।
শর্তানুযায়ী, ফ্র্যাঞ্চাইজিদের পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতে হতো। সেই শর্ত পূরণে ব্যর্থ হয়েছিল বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি। এমন পরিস্থিতিতে ১৮ নভেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়। কিন্তু সেই বর্ধিত সময়ের মধ্যেও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টাকা জমা দিতে পারেনি।
একেবারে শুরুতে বিপিএলে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে আগ্রহ প্রকাশ করেছিল দেশ ট্রাভেলস। প্রাথমিক যাচাই-বাছাই পেরিয়ে গেলেও শর্তপূরণ করতে না পারায় চূড়ান্ত বাছাইয়ে বাদ পড়েছিল তারা। তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় প্রথমবারের মতো বিপিএলে যুক্ত হচ্ছে নোয়াখালী।
গুঞ্জন আছে, বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস হিসেবে অংশগ্রহণ করতে পারে তারা।
আগামী ৩০ নভেম্বর রাজধানীর পাঁচতারকা হোটেলে বিপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের আগে প্রতিটি দল দুজন করে দেশি ও বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে।
Noakhali BPL Franchise, Desh Travels BPL, Bangladesh Premier League 2025, BPL Auction 2025, BPL New Teams, BCB Franchise Finalization, Noakhali Express Cricket, BPL Six Teams, Rangpur Riders, Dhaka Capitals, Chattogram Royals, Sylhet Titans, Rajshahi Warriors, BPL Bank Guarantee, Bangladesh Cricket Board
