পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে একেবারে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ের মাধ্যমেই সফরকারী পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিল টাইগাররা। এমন ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ১১ রানের জয় পায় বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১৬৪ রানেই গুটিয়ে গিয়েছিল টাইগাররা। কিন্তু বোলারদের অসাধারণ নৈপুণ্যে পাকিস্তানকেও মাত্র ১৫৩ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। ম্যাচের প্রতিটি বলেই ছিল নাটকীয়তা, শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে স্বাগতিকেরা।
সিরিজ জয়ের পরপরই এক আনুষ্ঠানিক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ দলকে উষ্ণ অভিনন্দন জানান। তিনি বলেন, 'বাংলাদেশের সাহসী তরুণরা পাকিস্তানের বিরুদ্ধে আজকের (গতকাল) শ্বাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে প্রমাণ করেছে, ঐকান্তিক এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে জয় ছিনিয়ে আনা সম্ভব।'
তিনি আরও বলেন, 'বাংলাদেশের ক্রিকেট দলের এই নজরকাড়া পারফরম্যান্স সারা দেশকে গর্বিত করেছে। আমি আশা করি, আমাদের তরুণদের এই সাফল্যের জয়যাত্রা অব্যাহত থাকবে এবং তারা ভবিষ্যতে দেশের জন্য আরও খ্যাতি বয়ে আনবে।'
প্রধানমন্ত্রীর এই বার্তায় নতুন করে উজ্জীবিত হয়েছে গোটা দেশ। সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এই জয়ের গল্প। নেটিজেনদের একাংশ বলছেন, এ যেন বাংলাদেশের ক্রিকেটের নতুন সূর্যোদয়।
