ইংল্যান্ড আর ওয়েলসে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এবার শুধু অংশগ্রহণ নয়, জিততে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঘোষণা করলেন অধিনায়ক নিজেই। নিগার সুলতানা জ্যোতি বললেন, প্রস্তুতি নিয়ে তিনি পুরোপুরি সন্তুষ্ট।
অধিনায়কের চোখে এবার ভিন্ন চিত্র। আগে বড় টুর্নামেন্টের আগে আন্তর্জাতিক ম্যাচের জন্য চরম অনটন ছিলো। সেই অভাব এবার কাটিয়ে উঠেছে টাইগ্রেসরা। জ্যোতি বললেন, ‘আগে বড় টুর্নামেন্টের আগে আমরা পর্যাপ্ত ম্যাচ পেতাম না। সেটা ছিল বড় আক্ষেপ। কিন্তু এবার পুরো ব্যাপারটাই ভিন্ন।’
কীভাবে ভিন্ন?
শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলেছে বাংলাদেশ
সামনে ত্রিদেশীয় সিরিজে আরও চারটি ম্যাচ
আইসিসির পক্ষ থেকে আরও দুটি প্রস্তুতি ম্যাচ
জ্যোতি বলেন, ‘এর চেয়ে আদর্শ প্রস্তুতি আর কী হতে পারে! বিভিন্ন কম্বিনেশন ঝালিয়ে নেওয়া আর সেরা সমন্বয় বের করার জন্য দারুণ সময় পাচ্ছে দল।’
আরেকটা বড় কথা— খেলোয়াড়দের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও অনুশীলনের ব্যবস্থাও এবার রয়েছে। অধিনায়ক জানান, সবাই চেষ্টা করছে এই সময়টাকে পুরোদমে কাজে লাগাতে।
ত্রিদেশীয় সিরিজ খেলতে স্কটল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল। বিশ্বকাপ শুরু ১২ জুন। তার আগে সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘আমার দলের এক্সপোজার অনেক কম থাকে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে সবাই দেখে। সেখানে আমরা ভালো করলে দল নিয়ে বেশি আলোচনা হয়, সেটাই আমরা চাই।’
তাই এবার বাংলাদেশ নারী দলের লক্ষ্য কেবল ভালো খেলা নয়, ম্যাচ জেতা। লড়াইটা হবে জমাটি, আশা রাখছেন ক্রিকেটপ্রেমীরা।
