ভারতের মগড়ায় আইএফএ স্টেট ইউথ লিগ অনূর্ধ্ব-১৭ ফুটবল ম্যাচে ভয়াবহ অশান্তির ঘটনা ঘটেছে। অফসাইডের কারণে গোল বাতিল হওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ ফুটবলারদের মারধরের শিকার হয়েছেন রেফারি। অভিযোগ উঠেছে, সহকারী মহিলা রেফারিকেও ছাড় দেওয়া হয়নি।

ঘটনাটি ঘটে মগড়ার নতুন গ্রাম সন্তান সংঘের মাঠে। সেখানে ভবানীপুর ক্লাব ও হুগলি সিটি ক্লাবের মধ্যে আইএফএ স্টেট ইউথ লিগের ম্যাচ চলছিল।

ম্যাচের শেষ দিকে ২-০ গোলে এগিয়ে ছিল ভবানীপুর ক্লাব। খেলার একেবারে শেষ মুহূর্তে হুগলি সিটি ক্লাব একটি গোল করে। তবে সহকারী রেফারি অফসাইডের সংকেত দিয়ে ফ্ল্যাগ তোলেন। পরে মূল রেফারি বাঁশি বাজিয়ে গোল বাতিল ঘোষণা করতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে।

অভিযোগ অনুযায়ী, সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে হুগলি সিটি ক্লাবের কয়েকজন ফুটবলার রেফারির ওপর চড়াও হন। শুধু তাই নয়, সহকারী রেফারিকেও তাড়া করে মারার চেষ্টা করা হয়।

অনেক দৌড়েও শেষ রক্ষা হয়নি। মারধরের একপর্যায়ে রেফারি মাঠেই পড়ে যান। এক নারী সহকারী রেফারিকেও মারধরের অভিযোগ উঠেছে।

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মাঠে উপস্থিত আইএফএর ফিজিও অসুস্থ রেফারির কাছে ছুটে যান। তাকে বুকে চাপ দিয়ে প্রাথমিকভাবে সুস্থ করার চেষ্টা করা হয়।

ঘটনার খবর পেয়ে আইএফএ কর্মকর্তা অনির্বাণ দত্ত মগড়া থানায় যোগাযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে ম্যাচের পর ভবানীপুর ক্লাব মাঠের অব্যবস্থা নিয়েও অভিযোগ তোলে। তাদের দাবি, আইএফএর মতো গুরুত্বপূর্ণ লিগের ম্যাচ হলেও মাঠে পানীয় জল বা ড্রেসিংরুমের কোনো ব্যবস্থা ছিল না।

এমনকি খেলোয়াড় ও কোচিং স্টাফদের মাঠের পাশে গাছতলায় বসে থাকতে হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। ভবিষ্যতের ফুটবলার তৈরির এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ন্যূনতম অবকাঠামোর অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

 

Walton Ads