পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহজাদ যেন আগুন ছিটিয়ে দিলেন! বাংলাদেশের বিপক্ষে টানা তিন সিরিজ হারের পর পাকিস্তান ক্রিকেটের ভিত নড়বড়ে। টেস্ট, টি-টোয়েন্টি আর ওয়ানডে— তিন ফরম্যাটের তিন সিরিজের একটিতেও বাংলাদেশের বিপক্ষে জিততে পারেনি পাকিস্তান। আর এই ব্যর্থতায় এবার মুখ খুললেন পাকিস্তানেরই সাবেক তারকা ক্রিকেটার।

ঘরের মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজেও জিততে পারেনি তারা। আর এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে ক্রিকেট বিশ্বে তাক লাগিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের এই দশা মেনে নিতে পারছেন না সাবেক ওপেনার আহমেদ শেহজাদ। সিরিজ হারের পর নিজের সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

শেহজাদ বলেন, "বাংলাদেশ যখন পাকিস্তানে এসে আমাদের টেস্টে হারিয়ে দিল, তখনও তারা খুব ভালোবাসা দেখিয়ে 'ভালোবাসি' বলে খেলাটা আমাদের হাতে ধরিয়ে দিয়ে জয় নিয়ে চলে গেছে। এবারও বাংলাদেশে গিয়ে একই অবস্থা হলো। তারা আবারও ভালোবাসা দেখিয়ে আমাদের হারিয়ে দিল। আর আমরা বসে বসে অজুহাত দিচ্ছি।"

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটে বড় বড় সংস্কারের কথা বলা হয়েছিল। নিয়োগ দেওয়া হয়েছিল পাঁচ জন মেন্টর। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে দাবি শেহজাদের।

"বড় হইচই হলো, মেন্টর আনা হলো, তিন স্তরের কাঠামো হলো। কিন্তু তার লাভটা হলো কী? শুধু সময়টাই কেটে গেল। একটি করুণ বিশ্বকাপ অভিযানের পরও কোনো বাস্তব পরিবর্তন দেখা গেল না।"

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তানের দল নির্বাচনকে 'অদ্ভুত' আখ্যা দিয়ে শেহজাদ বলেন, "আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হওয়ার আগেই তরুণদের ওপর সব দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। দলের ভেতরে যখন সিনিয়র খেলোয়াড়রাই ভুল সিদ্ধান্ত নেয়, তখন তরুণরা কী করবে? গাজি ঘুরি তো নিজে এসে বলেনি 'আমাকে দলে নিন'। সে বেচারা তো এখনও প্রস্তুতই নয়। আপনারা নিজেদের শক্তির জায়গা ব্যবহার না করে বাচ্চাদের ওপর দায় চাপিয়ে দিচ্ছেন।"

দল নির্বাচনে পিসিবির ভেতরে এখনও পক্ষপাতিত্ব চলছে বলে দাবি তুলেছেন এই সাবেক ওপেনার। রোহেল নাজিরের মতো যোগ্য খেলোয়াড়কে বাদ দিয়ে কেন হাসিবউল্লাহদের মতো তরুণদের দ্রুত এক্সপোজ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

শেহজাদের ভাষায়, "আল্লাহর দোহাই লাগে... আপনারা আসলে কী করছেন? নিজের লোককে দলে ঢুকিয়ে দেওয়ার মানসিকতা থেকে এবার বেরিয়ে আসুন। এই পদ্ধতি কখনো সফল হবে না।"

 

news