বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন নিলাম থেকে সন্দেহের তালিকায় থাকা ১০ ক্রিকেটারকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফিক্সিং সংক্রান্ত সন্দেহের কারণে 'রেড ফ্ল্যাগ' করা এই খেলোয়াড়দের নাম চূড়ান্ত নিলামের তালিকায় স্থান পায়নি। বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত এবং শফিউল ইসলামের মতো পরিচিত নাম।
বাদ পড়া তালিকায় থাকা অন্য দেশীয় ক্রিকেটাররা হলেন আলাউদ্দিন বাবু, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, মনির হোসেন খান ও নিহাদ উজ্জামান। এছাড়াও আরও দুই বিদেশি ক্রিকেটারকেও এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
বিপিএলের নিলামের জন্য প্রকাশিত দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় মোট ১৫৯ জন খেলোয়াড় জায়গা পেয়েছেন। সর্বোচ্চ মূল্য ক্যাটাগরি ‘এ’-তে রয়েছেন মাত্র দুইজন – লিটন কুমার দাস ও নাঈম শেখ। ‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন ১২ জন, ‘সি’ ক্যাটাগরিতে ১৭ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ২৬ জন, ‘ই’ ক্যাটাগরিতে ৩৮ জন এবং সর্বনিম্ন ‘এফ’ ক্যাটাগরিতে রয়েছেন ৬৩ জন ক্রিকেটার।
নিলামের নিয়ম অনুযায়ী, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দলকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে কমপক্ষে ২ জন করে, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরি থেকে কমপক্ষে ৬ জন, ‘ই’ ক্যাটাগরি থেকে কমপক্ষে ৩ জন এবং ‘এফ’ ক্যাটাগরি থেকে অন্তত একজন ক্রিকেটার কিনতেই হবে।
এর আগেই বিসিবি স্পষ্ট করে দিয়েছিল যে, গত আসরের বিপিএলে ফিক্সিং সন্দেহে যেসব ক্রিকেটার তদন্তের আওতায় আছেন, তাদের চূড়ান্ত নিলাম তালিকায় রাখা হবে না। শনিবার (২৯ নভেম্বর) নিলামের ঠিক একদিন আগে প্রকাশিত সেই চূড়ান্ত তালিকাতেই দেখা গেল, সেখানে এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতসহ মোট ১০ ক্রিকেটারের নামই অন্তর্ভুক্ত হয়নি।