দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ফাফ ডু প্লেসি ২০২৬ আইপিএলের মেগা নিলামে নিজের নাম দেবেন না! দিল্লি ক্যাপিটালস তাকে ছেড়ে দেওয়ার পরই তিনি পুরো আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে হতে যাওয়া নিলামে আর দেখা যাবে না এই ৪১ বছরের তারকাকে।
তবে ডু প্লেসি ক্রিকেট ছেড়ে দিচ্ছেন না। বরং নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)!

“আইপিএলে ১৪টা মৌসুম খেলার পর আমি সিদ্ধান্ত নিয়েছি, নিলামে নাম দেব না। এটা একটা বড় সিদ্ধান্ত। পিছনে ফিরে তাকালে শুধু কৃতজ্ঞতা। এই লিগ আমার ক্রিকেট জীবনের বিশাল অংশ। বিশ্বমানের সতীর্থ, দারুণ ফ্র্যাঞ্চাইজি আর যে ভক্তদের আবেগের কোনো তুলনা নেই – সবার সামনে খেলতে পেরে আমি ভাগ্যবান। ভারত আমাকে বন্ধুত্ব, শিক্ষা আর এমন স্মৃতি দিয়েছে যা আমাকে ক্রিকেটার ও মানুষ হিসেবে গড়ে তুলেছে।”

“এই বছর নতুন চ্যালেঞ্জ নিচ্ছি। আগামী মৌসুমে পিএসএল খেলব। এটা আমার জন্য রোমাঞ্চকর পদক্ষেপ – নতুন অভিজ্ঞতা, নিজেকে আরও ভালো করা আর এমন একটা লিগের অংশ হওয়া যেটা অসাধারণ প্রতিভায় ভরা। নতুন দেশ, নতুন পরিবেশ, নতুন চ্যালেঞ্জ। পাকিস্তানের আতিথেয়তা উপভোগ করার জন্য মুখিয়ে আছি।”
সবশেষ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৯ ম্যাচে মাত্র ২২.৪৪ গড়ে ২০২ রান করেছিলেন ডু প্লেসি। তাই দল তাকে ছেড়ে দেওয়াটা অনেকের কাছেই প্রত্যাশিত ছিল।

আইপিএলের ইতিহাসে বিদেশি খেলোয়াড়দের মধ্যে চতুর্থ সর্বোচ্চ রানের মালিক ডু প্লেসি। চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রাইজিং পুনে সুপারজায়ান্টস আর দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। সিএসকের সঙ্গে দু’বার চ্যাম্পিয়নও হয়েছেন।
পিএসএলে এবারই প্রথম নয়, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে পেশাওয়ার জালমি আর কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ৬ ম্যাচও খেলেছেন তিনি।

 

Walton Ads