অস্ট্রেলিয়ার বিধ্বংসী অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আর আইপিএল দেখাবেন না! ১৬ ডিসেম্বর আবুধাবিতে যে মিনি নিলাম হবে, সেখানে নিজের নামই দিলেন না ‘বিগ শো’। মঙ্গলবার (২ ডিসেম্বর) ইনস্টাগ্রামে একটা আবেগী পোস্ট দিয়ে নিজেই জানালেন এই বড় সিদ্ধান্তের কথা।

৩৭ বছরের ম্যাক্সি লিখেছেন, “অনেক অবিস্মরণীয় আইপিএল সিজনের পর এবার নিলামে নাম দেব না। এটা বড় সিদ্ধান্ত, কিন্তু আইপিএল আমাকে যা দিয়েছে তার জন্য মন ভর্তি কৃতজ্ঞতা। এই লিগ আমাকে ক্রিকেটার আর মানুষ হিসেবে গড়ে তুলেছে।”

তিনি আরও লিখেছেন, “বিশ্বের সেরা সতীর্থদের সঙ্গে খেলেছি, দুর্দান্ত ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে চাপিয়েছি, আর ভারতের পাগল ফ্যানদের সামনে খেলার যে এনার্জি, সেটা কখনো ভুলব না। সবাইকে ধন্যবাদ, আশা করি শিগগিরই আবার দেখা হবে। চিয়ার্স, ম্যাক্সি।”

আইপিএল ২০২৫-এ পাঞ্জাব কিংসের হয়ে একেবারে ব্যর্থ হয়েছিলেন ম্যাক্সওয়েল। ৬ ইনিংসে মাত্র ৪৮ রান, স্ট্রাইক রেট ১০০-এর নিচে, আর চার উইকেট নিয়ে আঙুল ভেঙে সিজন শেষ। রিটেনশন লিস্টেও জায়গা হয়নি।

ম্যাক্সির আইপিএল ক্যারিয়ারের হিসেব: ১৪১ ম্যাচ, ২,৮১৯ রান (স্ট্রাইক রেট ১৫৫+), ১৮ ফিফটি আর ৪১ উইকেট। দিল্লি ক্যাপিটালস দিয়ে শুরু, মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে ২০১৩-এ চ্যাম্পিয়ন, পাঞ্জাবে দারুণ সময়, আর ২০২১-এ আরসিবি তাকে ১৪.২৫ কোটি দিয়ে কিনেছিল – সেই সিজনে ৫১৩ রান করেছিলেন। কিন্তু ২০২৪-এ মাত্র ৫২ রান করে আরসিবি ছেড়ে পাঞ্জাবে ফিরেও কিছু করতে পারেননি।

ক্রিকবাজের খবরে বলা হয়েছে, এবারের নিলামে নাম দিয়েছেন ১,৩৫৫ জন ক্রিকেটার – ১,০৬২ ভারতীয় আর ২৯৩ বিদেশি। মাত্র ৭৭ জনকে কিনতে পারবে দশটা দল, তার মধ্যে বিদেশি ৩১ জন।

এখন প্রশ্ন একটাই – বিগ শো-এর আইপিএল জার্নি কি সত্যিই শেষ?

 

news