ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটার ও কিংবদন্তি ক্রিকেটার রবিন স্মিথ আর নেই। পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে নিজের বাসায় সোমবার দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬২ বছর।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে—কাউন্টি দল হ্যাম্পশায়ারে স্মিথের সাবেক সতীর্থ কেভান জেমস এই দুঃসংবাদটি নিশ্চিত করেন।
রবিন স্মিথ ইংল্যান্ডের হয়ে ১০০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ৬২ টেস্টে তিনি করেছেন ৯ সেঞ্চুরি, গড় ৪৩.৬৭, আর রান চার হাজারের বেশি। ওয়েস্ট ইন্ডিজের সেই সময়ের দুর্ধর্ষ পেস আক্রমণের বিপক্ষে তিনটি সেঞ্চুরি করে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন তিনি।
ওয়ানডে ক্যারিয়ারেও ছিলেন সমান উজ্জ্বল। ৭১ ওয়ানডেতে স্মিথের সেঞ্চুরি ৪টি, মোট রান ২৪১৯, গড় ৩৯.০১। ১৯৯৬ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। এছাড়া ১৯৯২ বিশ্বকাপের ফাইনালে ওঠা ইংল্যান্ড দলের সদস্য ছিলেন তিনি।
মাত্র ৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার হলেও আশি-নব্বই দশকের দ্রুতগতির বল মোকাবিলায় তার সাহসী ব্যাটিং তাকে এনে দেয় ‘দ্য জাজ’ উপাধি।
শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, কাউন্টি ক্রিকেটেও রবিন স্মিথ ছিলেন এক মহাতারকা। ১৭ মৌসুমে তিনি করেছেন ১৮,৯৮৪ রান। হ্যাম্পশায়ার ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটারদের একজন হিসেবেই তাকে গণ্য করা হয়।
