কোচ গৌতম গম্ভীরের অধীনে ভারতীয় ক্রিকেট যেন কঠিন এক সময় পার করছে। সদ্য নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে ভারত—যা ৩৮ বছর পর ঘটল। তবে এই ধাক্কা একা নয়। গম্ভীর যুগ শুরুর পর থেকেই টেস্ট ও ওয়ানডে—দুই ফরম্যাটেই একের পর এক নেতিবাচক রেকর্ড গড়ছে দলটি। বহুদিনের পুরোনো রেকর্ড ভাঙছে ঠিকই, কিন্তু সেগুলো সাফল্যের নয়, ব্যর্থতার ইতিহাস হয়ে থাকছে।
নিউজিল্যান্ডের কাছে হারের আগেই শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হেরেছিল ভারত, যা ২৭ বছর পর। তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো ৩০ উইকেট হারানোর লজ্জাও পেতে হয়েছে। ২০২৪ সালে ৪৫ বছর পর এক পঞ্জিকাবর্ষে ওয়ানডেতে জয়হীন থেকেছে ভারত।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট হার এসেছে ৩৬ বছর পর। শুধু তাই নয়, ইতিহাসে প্রথমবার ঘরের মাঠেই নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। এই সিরিজ দিয়েই ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারার তিক্ত অভিজ্ঞতা হয় তাদের। সব দেশ মিলিয়ে ৪৭ বছর পর ঘরের মাঠে টানা তিনটি টেস্ট হারও দেখতে হয়েছে ভারতকে।
প্রথমবারের মতো নিজেদের মাঠে ৫০ রানের নিচে অলআউট হয়েছে ভারত। আবার ২০০ রানের কম লক্ষ্য তাড়া করে ঘরে জিততে ব্যর্থ হয়েছে তিনবার।
এরপর ১০ বছর পর টানা দুটি টেস্ট সিরিজ হারের কলঙ্ক যোগ হয়। এক দশক পর বর্ডার-গাভাস্কার ট্রফিও হাতছাড়া করে দলটি। ২০২৪ সালে ১২ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট সিরিজে তিন ম্যাচ হেরেছে ভারত।
গম্ভীরের কোচিংয়েই প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি ভারত। এরপর লিডসে এক ম্যাচে পাঁচটি সেঞ্চুরি করেও টেস্ট হেরে যায় দলটি। ৯২ বছরে দ্বিতীয়বার ৩৫০ রানের বেশি লিড নিয়েও ম্যাচ হারার লজ্জা পেতে হয়, সেটিও লিডসেই। ১১ বছর পর এক ইনিংসে ৬০০ রানের বেশি রান দেয় ভারত—ম্যাচটি হয়েছিল ম্যানচেস্টারে।
গত বছর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট হারে ভারত, যা ১৫ বছর পর। টানা ৯ ম্যাচ জিতে যে ইডেন গার্ডেন্সকে দুর্গে পরিণত করেছিল তারা, সেখানে ৮ বছর পর হারতে হয়েছে। ঘরের মাঠেই ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয় দলটি। এরপর ২৫ বছর পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের স্বাদ পায় ভারত। ৪০৮ রানে হেরে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়ও দেখতে হয়।
এই সিরিজেই ৩০ বছর পর ঘরের মাঠে একটি টেস্ট সিরিজ শেষ করে কোনো সেঞ্চুরি ছাড়াই। টানা দুই ক্যালেন্ডার বছরে ঘরের মাঠে টেস্ট সিরিজে সেঞ্চুরি না পাওয়া—ভারতীয় ক্রিকেট ইতিহাসে এমন নজির আর নেই।
দক্ষিণ আফ্রিকা প্রথমবার ভারতের বিপক্ষে ৩০০ রানের বেশি লক্ষ্য তাড়া করে জিতেছে। সেই ম্যাচে ভারতের বিপক্ষে তাদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ছিল ৩৫৯। নিউজিল্যান্ডও ভারতে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছে—২৮৫ রান।
গৌতম গম্ভীরের অধীনে এমন একের পর এক পরিসংখ্যান ভারতীয় ক্রিকেটে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছে টিম ম্যানেজমেন্ট, আর ব্যর্থতার ভারে ক্রমেই চাপে পড়ছে পুরো দল।