তিন দিন আগে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি লিগে কোচিং পর্ব শেষ করে কলকাতায় ফিরেছেন সৌরভ গাঙ্গুলি। ফিরেই পুরো দমে প্রশাসনিক কাজে নেমে পড়েন তিনি। বৃহস্পতিবার বিকেলে ইডেনে ঢুকে প্রথমে স্টেডিয়াম ও মাঠ ঘুরে দেখেন। শেষদিকে নানা খুঁটিনাটি বিষয়ে কর্তাদের নির্দেশ দেন সিএবি সভাপতি। এরপর একের পর এক বৈঠকেও অংশ নেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। উদ্বোধনী দিনেই ম্যাচ রয়েছে ইডেনে। তাই প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে নারাজ সৌরভ। এই ব্যস্ততার মাঝেই আসন্ন বিশ্বকাপ নিয়ে নিজের মতামতও তুলে ধরেন ভারতের সাবেক অধিনায়ক।
সেমিফাইনালের সম্ভাব্য দল বাছাই করতে গিয়ে সৌরভ বলেন, “এখনই নিশ্চিত করে বলা কঠিন কারা সেমিফাইনালে খেলবে। তবে ভারতের সঙ্গে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার সম্ভাবনা বেশি।”
ভারতীয় দল নিয়ে প্রশংসা ঝরিয়ে সৌরভ আরও বলেন, বিশ্বকাপে সবচেয়ে আকর্ষণীয় দল নিঃসন্দেহে ভারত। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাও দৌড়ে রয়েছে। পাশাপাশি নিউজিল্যান্ডকে তিনি ‘কালো ঘোড়া’ হিসেবে দেখছেন। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে ভারতের দুর্দান্ত ব্যাটিং নজর এড়ায়নি সৌরভের।
ভারতের শক্তির জায়গা তুলে ধরে তিনি বলেন, ভারতের ব্যাটিং লাইনআপ অসাধারণ। অভিষেক শর্মা ও সূর্যকুমার যাদব তো আছেনই, সঙ্গে ভালো ফর্মে রয়েছেন ঈশান কিষান। বোলিং বিভাগে জশপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তীর মতো ম্যাচ উইনাররা রয়েছেন।
উল্লেখ্য, গত সপ্তাহেই ইডেন গার্ডেন্স পরিদর্শন করেছেন আইসিসির প্রতিনিধিরা। মাঠ, কর্পোরেট বক্স, দর্শকাসনসহ ইডেনের সামগ্রিক পরিকাঠামো ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেছেন তারা। যদিও গ্রুপ পর্বে ইডেনে বড় কোনো ম্যাচ নেই। বাংলাদেশ খেলছে না বলে দর্শক আগ্রহ কমতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
তবে সুপার এইটে ভারতের একটি ম্যাচ রয়েছে ইডেনে। গ্রুপ পর্বে দর্শক সমাগম নিয়ে প্রশ্ন থাকলেও সিএবি কর্তারা বিষয়টি নিয়ে খুব একটা চিন্তিত নন।
