বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই মাঠে নেমেছিল আল নাসর। কাজটা সহজ ছিল না, জয়ের জন্য পাড়ি দিতে হয়েছে অনেক চড়াই-উতরাই। তবু শেষ পর্যন্ত সৌদি প্রো লিগে আল রিয়াদকে ১-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট তুলে নিয়েছে তারা। দলের জয়ের নায়ক সাদিও মানে, একমাত্র গোলটি এসেছে তার পা থেকেই।
রোনালদোকে বিশ্রামে রেখে কোচ জর্জ জেসুস নতুন ছক কষেন। সেন্টার ফরোয়ার্ড হিসেবে নামেন আবদুর রহমান ঘারিব। প্রতিপক্ষের মাঠে খেলেও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসর।
ম্যাচের ১৪ মিনিটে আল রিয়াদের ওপর দাপট দেখান মানে। তবে তার শট ঠেকিয়ে দেন গোলকিপার মিলান বরিয়ান। কিছুক্ষণ পর ফেলিক্সের দূরপাল্লার শটও গোলের দেখা পায়নি।
৪০ মিনিটে এসে ভাঙে ম্যাচের অচলাবস্থা। বক্সের মাঝখান থেকে নিখুঁত ফিনিশে বল জালে জড়িয়ে দেন সাদিও মানে। এই গোলেই এগিয়ে যায় আল নাসর এবং জয়ের ভিত গড়ে নেয়।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালায় আল রিয়াদ। শেষ দিকে তারা একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। ফলে ব্যবধান আর বাড়েনি।
এই জয়ের মধ্য দিয়ে টানা পাঁচ ম্যাচে জয় পেল আল নাসর। ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তারা এখন লিগ টেবিলের দুই নম্বরে। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে আল হিলাল।

 

news