নেপালে চলমান সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার পোখরা স্টেডিয়ামে ভারতকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এর আগে প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলে বিধ্বস্ত করেছিল পিটার বাটলারের দল। ভারতের বিপক্ষে এই জয়ে দুই ম্যাচে দুই জয় নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ।

ম্যাচের শুরুতে ভারত একটু আক্রমণাত্মক ছিল। প্রথম ১৫ মিনিটে তারা কয়েকটা ভালো সুযোগ তৈরি করে। নবম মিনিটে ভারতের একটা শট ঠেকিয়ে দলকে বিপদ থেকে বাঁচান বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম—দারুণ রিফ্লেক্স সেভ!

এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। ২৯তম মিনিটে আসে প্রথম গোল। ডান দিক থেকে নেওয়া ফ্রি-কিক বাঁ পায়ে দূরের পোস্টে পাঠানো হয়। ভারতের গোলরক্ষক মুন্নি বলটা ঠিকমতো ধরতে পারেননি। রিবাউন্ডে দ্রুত পৌঁছে বল জালে জড়িয়ে দেন বাংলাদেশ অধিনায়ক অর্পিতা বিশ্বাস।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ৪০তম মিনিটে ডান প্রান্ত দিয়ে উঠে আসেন মুনকি আখতার। টাচলাইনের কাছ থেকে তার দেওয়া ক্রস দুই ভারতীয় ডিফেন্ডারকে কাটিয়ে আলপি আক্তারের কাছে যায়। প্রথম স্পর্শেই বল জালে পাঠান আলপি। গোলরক্ষকের কিছুই করার ছিল না।
আলপি আক্তার চলতি নারী ফুটবল লিগ ২০২৫–২৬ মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৫ গোল করেছেন। তিনি রাজশাহী স্টার্সের হয়ে খেলেন। এই টুর্নামেন্টে আলপি আর মুনকি দুজনেই চারটি করে গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন।

৩৭তম মিনিটে বাংলাদেশ প্রথম বদলি আনে। মামণি চাকমার জায়গায় মাঠে নামেন শান্তি মার্ডি। দ্বিতীয়ার্ধে সৌরভী আখন্দ প্রীতি চোট পেলে তার বদলে নামেন মমিতা।
বাংলাদেশের শেষ রাউন্ড রবিন ম্যাচ বুধবার স্বাগতিক নেপালের বিপক্ষে।

 

news