সম্প্রতি একটি জাতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত একটি ছবি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ছবিতে দেখা যায় 'অদম্য বাংলাদেশ' টি-টোয়েন্টি কাপ চলাকালে বিসিবি প্রেসিডেন্ট বক্সে একসাথে কথা বলছিলেন পরিচালক ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট ও এম নাজমুল ইসলাম। এই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এবার বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদই চাঞ্চল্যকর দাবি করলেন – ছবিটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি হতে পারে!

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার পূর্বাচলে সিসিডিএম চ্যালেঞ্জ কাপের ফাইনাল ম্যাচ দেখতে গিয়েছিলেন ফারুক আহমেদ। ম্যাচ শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, "আমরা যখন কথা বলি, তখন তো হাত নিশ্চুপ রাখতে পারি না, হাত নাড়াচাড়া হয়। সেই ছবিটা যদি সত্যিই হয়ে থাকে, আমার মনে হয় সেটা খুব সম্ভবত বানানো একটা ছবি। আমি দুঃখিত, যদি সত্যিই কেউ থেকে থাকেন যিনি ছবি তুলেছেন, কিন্তু সেখানে কোনো কনটেক্সট বা প্রাসঙ্গিকতা কিছুই নেই।"

তিনি আরও বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন, "প্রথমত, ছবিতে যে হাতের আঙুল দেখা যাচ্ছে, সেটা আমার আঙুল নয়। এই আঙুলটা কোথা থেকে এলো, আমি জানি না। দ্বিতীয়ত, আপনার সামনেই নির্লিপ্তভাবে একজন ভদ্রমহিলা তার বাচ্চা নিয়ে খেলা দেখছেন। তার মাঝখানে দুজন লোক দাঁড়িয়ে কথা বলছেন – কোনও ভদ্রলোক কি এমন কাজ করতে পারেন? আমার মনে হয় না।"

এই বিতর্কিত ছবি তোলার অভিযোগে ওই ফটোসাংবাদিককে ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে বিসিবি। এ প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, "আমার ধারণা, শৃঙ্খলা বিভাগ থেকে তাকে সতর্ক করা হয়েছে, যদি তিনি সত্যিই এই ধরনের ছবি তোলেন। যদি তিনি ঘটনার সঠিক প্রেক্ষাপট না জেনে থাকেন, তাহলে এরকম ছবি প্রকাশ করা উচিত নয়। আমি সবার কাছে অনুরোধ করছি, এই ধরনের বিভ্রান্তি সৃষ্টি করার কোনো দরকার নেই।"

সাংবাদিকতার এমন 'অস্পষ্ট ও বিভ্রান্তিকর' ধরন নিয়ে হতাশা প্রকাশ করে বিসিবির এই শীর্ষ কর্মকর্তা আরও বলেন, "আপনি যদি কোনো ছবি তোলেন, আর পাইলট, আমি বা নাজমুল সাহেবের সাথে যদি কেউ কথা বলে থাকেন, আপনি শুধু একটি ছবি দিয়ে গল্প চালিয়ে দিলে – আমার মনে হয় না এটা ভালো সাংবাদিকতা হয়। এমনটা না করাই ভালো।"

 

news