নামিবিয়ার বিপক্ষে ৯৩ রানের দাপুটে জয় দিয়ে পাকিস্তান ম্যাচের মহড়া সেরে ফেলেছে ভারত। এমন জয়ের পর যেকোনো দলই স্বস্তিতে থাকার কথা। কিন্তু ভারতীয় শিবিরে সেই স্বস্তি এখনো পুরোপুরি আসেনি। এই পরিস্থিতিতে রবিবারের মহা-লড়াইয়ে ভারতকে ফেভারিট মানছেন না সাবেক অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের আগে সূর্যকুমার যাদবের দলকে বিশেষ পরামর্শও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার দিল্লিতে নামিবিয়ার বিপক্ষে ম্যাচ খেলার সময়ই মনে মনে পাকিস্তান ম্যাচের প্রস্তুতি চলছিল টিম ইন্ডিয়ার। সেই আবহে রোহিত শর্মা খুব পরিষ্কার করে বলে দিয়েছেন, “প্রথমত আমি কখনোই ‘ফেভারিট’ এই শব্দটায় বিশ্বাস করি না। ফেভারিট বলে কিছু হয় না। ভারত-পাকিস্তান ম্যাচের মজাই আলাদা। এর আকর্ষণই আলাদা।”
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ পাওয়া রোহিত আরও যোগ করেন, “গত ১০ বছরে ভারত-পাকিস্তান ম্যাচে অনেক কিছু ঘটেছে।
সব দলই এখন অনেক টি-টোয়েন্টি খেলে। কিন্তু মাঠে নামব, জিতব আর ২ পয়েন্ট পাব—এভাবে ভাবলে চলবে না। পয়েন্ট পেতে হলে নির্দিষ্ট দিনে ভালো খেলতে হবে। নইলে শূন্য হাতে ফিরতে হতে পারে।”
তিনি আরও বলেন, “অতীতে কী ঘটেছে সেটা গুরুত্বপূর্ণ নয়। এখন দল কেমন খেলছে সেটাই সবচেয়ে বড়। ক্রিকেটাররা ফর্মে আছে কি না—এটার ওপরই ম্যাচের ফলাফল নির্ভর করে। এখন যেকোনো দল যেকোনো দলকে হারাতে পারে। তাই ভালো খেলতেই হবে। নির্দিষ্ট দিনের পারফরম্যান্সই সবকিছু ঠিক করে দেবে।”
রোহিত শর্মা সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অসাধারণ সফল। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ অল্পের জন্য হাতছাড়া হলেও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ব্যাটারও তিনি—নামের পাশে ৬টি সেঞ্চুরি, যা আর কারো নেই।
এমন একজন কিংবদন্তির এই সতর্কবার্তা রবিবারের মহারণের আগে টিম ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেখা যাক, রোহিতের কথা মাথায় রেখে সূর্যকুমাররা কীভাবে পাকিস্তানের মোকাবিলা করেন!
