চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের একদমই খুঁজে পাচ্ছে না ওমান। ম্যাচের পর ম্যাচ হেরে হতাশার বৃত্তেই ঘুরছে দলটি। এবার কলম্বোয় ‘বি’ গ্রুপের ম্যাচে ৯৬ রানের বিশাল ব্যবধানে ওমানকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড।
প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৩৫ রানের পাহাড় গড়ে আইরিশরা। ইনিংসের নায়ক টাকার—৫১ বলে খেলেন ৯৬ রানের বিধ্বংসী ইনিংস। শুরুটা অবশ্য ভালো ছিল না আয়ারল্যান্ডের। টস হেরে ফিল্ডিংয়ে নেমে ওমান ৪৫ রানে ৩ উইকেট ও ৬৪ রানে ৪ উইকেট তুলে নিয়ে চাপে ফেলে দিয়েছিল প্রতিপক্ষকে।
সেই ধাক্কা সামলে দলকে আবারও চূড়ায় তুলে আনেন টাকার। তাকে দারুণ সঙ্গ দেন গ্যারেথ ডেলানি। মাত্র ৩০ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। শেষ দিকে জর্জ ডকরেল তো রীতিমতো ঝড় তোলেন—মাত্র ৯ বলে ৩৫ রান, যার মধ্যে ছিল ৫টি ছক্কা। টাকারের ৫১ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা।
২৩৫ রান তোলার পরই ম্যাচ অনেকটাই একপেশে হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ১৩৯ রানে গুটিয়ে যায় ওমান। বাঁহাতি পেসার জশ লিটল ১৮ রানে নেন ৩টি উইকেট, যা আয়ারল্যান্ডের জয় আরও সহজ করে দেয়।
ওমানের হয়ে আমির কালিম ২৯ বলে ৫০ রান করে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দেন। হাম্মাদ মির্জা করেন ৩৭ বলে ৪৬ রান। তবে বাকি ব্যাটারদের কেউই ১০ রানের গণ্ডি পেরোতে পারেননি। শেষ পর্যন্ত ব্যবধানই শুধু কমানোর চেষ্টা করেছে ওমান, কিন্তু জয় ধরা দেয়নি।
এই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্ত বার্তা দিল আয়ারল্যান্ড—চাপের মুখেও তারা ম্যাচ ঘুরিয়ে দিতে জানে।
