আইসিসির আমন্ত্রণ, চিঠিও এসেছিল, তবু কলম্বোতে পা রাখলেন না বুলবুল। বিশ্বকাপের বড় ম্যাচে তাঁর অনুপস্থিতিতে কেন 'খালি' থাকছে বিশেষ আসন? শুনুন মুখ খুললেন বিসিবি কর্মকর্তা
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচ ভারত-পাকিস্তান দেখার আমন্ত্রণ ছিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিজে থেকে এই আমন্ত্রণ জানিয়েছিল তাঁকে । কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে কলম্বো না গিয়েই দেশে ফিরেছেন বিসিবি বস।
কুয়েতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকে অংশ নিয়ে শুক্রবার দেশে ফেরেন বুলবুল । ধারণা করা হচ্ছিল, সেখান থেকেই তিনি সরাসরি কলম্বো যাবেন ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে। কিন্তু তা না করে ঢাকায় চলে আসেন তিনি। শনিবার সকালে তিনি ঢাকা পৌঁছান বলে নিশ্চিত করেছেন বিসিবি সূত্র ।
কেন গেলেন না বুলবুল?
বুলবুলের এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ বাংলাদেশ দলের বিশ্বকাপে না থাকা বলে জানিয়েছেন বিসিবির আম্পায়ার কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান। ক্রিকবাজকে তিনি বলেন, "আমি আমিনুল ইসলামের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশ যেহেতু বিশ্বকাপে নেই, তিনি বলেছেন—'শুধু ম্যাচ দেখার জন্য আমি সেখানে কেন যাব?' তাই তিনি আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন" ।
এর আগে বুলবুল জানিয়েছিলেন, ভারত-পাকিস্তান ম্যাচে পাঁচ এশিয়ান দেশের প্রতিনিধিরা একত্রিত হয়ে ম্যাচ দেখবেন এবং সেখানে বিসিএল-বিসিসিআইয়ের মধ্যকার দূরত্ব কমানোর চেষ্টা করবেন তিনি । আইসিসি চেয়ারম্যান জয় শাহ এই পাঁচ এশিয়ান দেশের প্রতিনিধিদের একত্রিত করার পরিকল্পনা করেছিলেন ।
ম্যাচ বাঁচাতে বুলবুলের ভূমিকা
উল্লেখ্য, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে প্রথমে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান । সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বুলবুল। লাহোরে আইসিসি ও পিসিবির সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে তিনি পাকিস্তানকে বোঝান ভারতের বিপক্ষে খেলার জন্য । সেই অবদানের জন্যই আইসিসি তাঁকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছিল।
কলম্বোতে যারা যাচ্ছেন
বুলবুল না গেলেও কলম্বোতে পৌঁছাবেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও আইসিসি চেয়ারম্যান জয় শাহ । শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মি সিলভাও উপস্থিত থাকবেন ম্যাচে ।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে থাকা দুই দলের এই লড়াই ঘিরে ইতোমধ্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। তবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য খারাপ খবর, মাঠে না থাকলেও টিভির পর্দাতেই উপভোগ করতে হবে এই হাইভোল্টেজ ম্যাচ।
