এফএও'র পূর্বাভাস

বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা

বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)…

Published: Updated: 0 views
বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা
Share:

বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৬-২৭ মৌসুমে এসব পণ্যের উৎপাদন ও চাহিদার মধ্যে ভারসাম্য আরও সংকুচিত হতে পারে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এফএওর সর্বশেষ ‘ফুড আউটলুক’ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গম ও ভুট্টার সরবরাহ তুলনামূলক স্বস্তিদায়ক থাকলেও চাল, চিনি ও ভোজ্যতেলের ক্ষেত্রে চাপ বাড়ছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমে বিশ্বে চালের উৎপাদন টানা চার মৌসুমের মধ্যে প্রথমবারের মতো কমতে পারে। উৎপাদন ৫৫ কোটি ২০ লাখ টনে নেমে আসতে পারে, যা আগের মৌসুমের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ কম।

এফএওর মতে, উৎপাদন খরচ বেড়ে যাওয়া, কৃষকদের লাভ কমে যাওয়া এবং এল নিনোর প্রভাবে প্রতিকূল আবহাওয়া চাল উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে আগের মৌসুমের জমে থাকা বড় মজুতের কারণে বিশ্বে চালের মোট মজুত রেকর্ডের দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে থাকতে পারে।

চিনির ক্ষেত্রেও উদ্বেগ রয়েছে। এফএওর পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৬-২৭ মৌসুমে বিশ্বে চিনির উৎপাদন কমে বৈশ্বিক চাহিদার নিচে নেমে যেতে পারে। ব্রাজিল, ভারত ও থাইল্যান্ডের উৎপাদন পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা এর অন্যতম কারণ।

এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে চিনির দাম কয়েক মাস ধরে বাড়ছে। এফএও বলছে, বিশ্ববাজারের ভারসাম্য আরও শক্ত হওয়ার শঙ্কাই দাম বৃদ্ধির পেছনে ভূমিকা রাখছে।

ভোজ্যতেলের বাজারেও চাহিদার চাপ বাড়ছে। ২০২৬-২৭ মৌসুমে বিশ্বে তেলবীজের উৎপাদন রেকর্ড পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা থাকলেও জৈব জ্বালানি তৈরিতে উদ্ভিজ্জ তেলের ব্যবহার বাড়ছে। ফলে উৎপাদন বাড়লেও ভোজ্যতেল ও চর্বির বৈশ্বিক মজুত আরও কমে যেতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি।

তবে সব খাদ্যপণ্যের পরিস্থিতি একই রকম নয়। এফএওর পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৬-২৭ মৌসুমে বিশ্বে শস্যের মজুত ১ দশমিক ৮ শতাংশ বাড়তে পারে। গমের মজুত রেকর্ড পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, আর ভুট্টাসহ দানাদার শস্যের মজুত আট বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে।

এফএও আরও জানিয়েছে, ২০২৬ সালে বিশ্বে খাদ্য আমদানির মোট ব্যয় দাঁড়াতে পারে ২ লাখ ২৬ হাজার ৭০০ কোটি ডলার। আগের বছরের তুলনায় এই ব্যয় বাড়বে ১ দশমিক ৯ শতাংশ। তবে ২০২৫ সালে এই বৃদ্ধির হার ছিল প্রায় ৮ শতাংশ।

আজাহারুল ইসলাম
আজাহারুল ইসলাম

সাব এডিটর, NBS Bangla

Related News