NBS Bangla — ২৫ নভেম্বর ২০২৬, ৭:২১ পিএম
ফুলবাড়ীতে স্থানীয় নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন
দিনাজপুরের ফুলবাড়ীতে স্থানীয় সরকার নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ী উপজেলা শাখার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে…

দিনাজপুরের ফুলবাড়ীতে স্থানীয় সরকার নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ী উপজেলা শাখার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ক্যাফে অর্কিডে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য, ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্যসচিব ও দিনাজপুর-৫ আসনে ১১ দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. আব্দুল আহাদ।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোষরারা’ গোপনে কাজ করছে। দেশে অরাজকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
ফুলবাড়ীতে ওপেন পিট কয়লাখনি বাস্তবায়নের জন্য সরকার পদক্ষেপ নিয়েছে বলে তিনি জানান। ডা. আব্দুল আহাদ বলেন, “আমরা এই এলাকায় কোনোভাবেই ওপেন পিট কয়লাখনি চাই না। কেউ যদি ফুলবাড়ীর মানুষকে না জানিয়ে গোপনে কয়লাখনি করতে চায়, তাহলে আমরা বসে থাকব না। প্রয়োজনে ২৬ আগস্টের মতো জীবন দেব, তবুও কয়লাখনি হতে দেব না।”
আগামী ২০২৭ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচনের প্রস্তুতি চলছে বলে তিনি বলেন। তাঁর ভাষ্য, ফুলবাড়ী উপজেলায় ইউনিয়ন পরিষদ, উপজেলা ও পৌরসভা নির্বাচনে অংশ নিতে এনসিপি প্রার্থী নির্বাচন করছে।
ফুলবাড়ীর উন্নয়ন নিয়েও দলটি কাজ করবে বলে জানান তিনি। তিনি বলেন, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে এসে ভবনের ছাদ ভেঙে মানুষের শরীরে পড়ছে। ভবনটি প্রায় ২০০ বছরের বলে দাবি করে তিনি বলেন, নতুন ভবন নির্মাণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো দৃষ্টি নেই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপি দিনাজপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়ী উপজেলা পরিষদের এনসিপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. ইমরান চৌধুরী নিশাদ, ফুলবাড়ী এনসিপির যুগ্ম সমন্বয়কারী ও ফুলবাড়ী পৌরসভার মেয়র প্রার্থী মো. শিহাব হোসেন এবং ফুলবাড়ী এনসিপির যুগ্ম সমন্বয়কারী জাকির আহম্মেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুলবাড়ী উপজেলা এনসিপির সদস্য মো. বিশাল আহমেদ। আয়োজন করে ফুলবাড়ী উপজেলা জাতীয় নাগরিক পার্টি। সংবাদ সম্মেলনে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাব এডিটর, NBS Bangla


