NBS Bangla — ২৫ নভেম্বর ২০২৬, ৭:২৮ পিএম
গার্মেন্টস শ্রমিকদের ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাবনা ‘অগ্রহণযোগ্য’ দাবি
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকার প্রস্তাবনা প্রত্যাহার করে মানুষ্যোচিত মজুরি নির্ধারণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে গার্মেন্টস…

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকার প্রস্তাবনা প্রত্যাহার করে মানুষ্যোচিত মজুরি নির্ধারণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জী-স্কপ)।
আজ ২৫ নভেম্বর ২০২৬ বিকাল ৪টায় আয়োজিত সমাবেশে সংগঠনটির নেতারা বলেছেন, প্রস্তাবিত মজুরি শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও দারিদ্র্যসীমা অতিক্রমের জন্য যথেষ্ট নয়। তাঁরা ঘোষিত ন্যূনতম মজুরি ও গ্রেডভিত্তিক মজুরির পার্থক্য পুনর্বিবেচনার দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন আহসান হাবিব বুলবুল। সঞ্চালনা করেন জী-স্কপের যুগ্ম সমন্বয়ক বাচ্চু মিয়া। বক্তব্য রাখেন সংগঠনটির সমন্বয়ক আসাদুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য খালেকুজ্জামান লিপন, সেলিম মাহমুদ, সরদার খোরশেদ, নুরুল আমিন, তৈয়বুর রহমান তোহা ও সাইফুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নেতারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সর্বোচ্চ সংখ্যক শ্রমিক বৈষম্য বিলোপের প্রতিশ্রুতির আহ্বানে জীবন দিয়েছিলেন। সেই অভ্যুত্থানের পরও শ্রমিকদের আন্দোলন করে মজুরি বোর্ড গঠন করতে হয়েছে।
তাঁরা বলেন, শ্রমিকরা পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি চেয়েছিলেন। আন্তর্জাতিক বাজারের জন্য পণ্য তৈরিকারীদের মজুরি আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার দাবিও উঠেছিল। শ্রমিকরা এমন মজুরি চেয়েছিলেন, যা দিয়ে মানুষ্যোচিত জীবনযাপন করা যায় এবং দারিদ্র্যসীমা অতিক্রম করা যায়।
মজুরি আলোচনার সময় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি বলেছিলেন, নতুন মজুরি ভিয়েতনামের শ্রমিকদের মজুরির মতো না হলেও ভারতের শ্রমিকদের মজুরির চেয়ে ১০ ডলার বেশি হতে পারে। তাঁদের বক্তব্য অনুযায়ী, ভারতের গার্মেন্টস শ্রমিকদের গড় মজুরি ১৯২ ডলার। ফলে বাংলাদেশের শ্রমিকদের মজুরি ১০ ডলার কম হলেও ১৮২ ডলার হতে পারত, যা টাকায় ২২ হাজার টাকার বেশি।
জী-স্কপের নেতারা বলেন, এই প্রেক্ষাপটে গার্মেন্টস মালিকরা তাঁদের সক্ষমতা প্রকাশ করলেও মজুরি বোর্ড শ্রমিকদের জন্য যথাযোগ্য মজুরি আদায়ে ব্যর্থ হয়েছে। তাই শ্রমিকরা রাস্তায় নেমেছিলেন, আর ঘোষিত মজুরি তাঁদের অসন্তোষ নিরসন করবে না।
নেতারা অভিযোগ করেন, ভয় দেখিয়ে ও দমন-পীড়ন চালিয়ে শ্রমিকদের কারখানায় জোর করে প্রবেশ করানো যেতে পারে, তবে সঞ্চিত ক্ষোভ যেকোনো সময় পুনরায় প্রকাশ পাবে। তাঁরা বলেন, মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধিদের অবস্থান শ্রমিকদের আস্থা নষ্ট করবে।
তাঁদের বক্তব্য, মজুরি বোর্ডের ছয় সদস্যের মধ্যে মাত্র দুইজন শ্রমিক প্রতিনিধি জানার পরও ভোটাভুটিতে অংশ নেওয়া নিজেদের অবস্থানের বৈধতা দেওয়ার চেষ্টা মাত্র। তাঁরা বলেন, শ্রম আইনের ১৪১ ধারায় মজুরি নির্ধারণের জন্য সুনির্দিষ্ট ১১টি মানদণ্ড ও বাজারদর বিবেচনায় প্রণীত যুক্তিই মূল ভিত্তি হওয়ার কথা, ভোটাভুটি নয়।
নেতারা বলেন, মজুরি বোর্ডের ঘোষিত গ্রেড কাঠামোর মজুরি পার্থক্যও গ্রহণযোগ্য নয়। তাঁরা সরকারের কাছে মজুরি ঘোষণা পুনর্বিবেচনা করে শ্রমিকদের জন্য মানুষ্যোচিত মজুরি নির্ধারণের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
জী-স্কপ বলেছে, মজুরি নির্ধারণে সরাসরি সরকারি হস্তক্ষেপের পক্ষে নয়। তবে মজুরি বোর্ড শ্রমিকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হওয়ায় সরকারকে পুনর্বিবেচনার দায়িত্ব নিতে হবে।
নেতারা অভিযোগ করেন, মজুরি বোর্ডের শ্রমিক পক্ষের প্রতিনিধিরা নিজেদের ব্যর্থতা আড়াল করতে শ্রমিকদের প্রতিবাদে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন। তাঁরা এ অভিযোগকে নিন্দা জানান।
সমাবেশ থেকে ঘোষিত ন্যূনতম মজুরি ও গ্রেডভিত্তিক মজুরির পার্থক্য পুনর্বিবেচনা করে নতুন মজুরি নির্ধারণের দাবিতে আগামী ২৯ নভেম্বর ২০২৬ সকাল ১১টায় মজুরি বোর্ড ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হয়।
কন্ট্রিবিউটর, NBS Bangla
সম্পর্কিত সংবাদ

তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত করার দাবি তরুণদের
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক তরুণ তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি জানিয়েছেন…

মাদক নির্মূল কমিটির ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা
মাদক নির্মূল কমিটি কেন্দ্রীয় সংসদ ২৩ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে…

তথ্য কমিশনে পাঁচ দিনে ২৮টি অভিযোগ নিষ্পত্তি, আজ আরও ৮টি
তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা অভিযোগ নিষ্পত্তিতে কার্যক্রম জোরদার করেছে তথ্য কমিশন বাংলাদেশ। কমিশন পুনর্গ…

মানবিকতানির্ভর দেশ গড়তে চায় সরকার: ডা. জুবাইদা
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, মানবিকতা ও জন…

গার্মেন্টস শ্রমিকের মজুরি নির্ধারণে দ্রুত সিদ্ধান্ত চাইল জীস্কপ
গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে দ্রুততম সময়ে মানসম্মত মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে গার্মে…

তথ্য কমিশনে চার দিনে ২৫ অভিযোগের শুনানি, নিষ্পত্তি ২০
তথ্য কমিশন পুনর্গঠনের পর চার দিনে ২৫টি অভিযোগের শুনানি নিয়েছে। এর মধ্যে ২০টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে এবং পাঁ…



