দেশের প্রযুক্তি ও ইলেকট্রনিক্স শিল্পে নতুন মাত্রা যোগ করে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উদ্বোধন করেছে ওয়ালটন। নতুন এই লাইনআপে রয়েছে স্মার্ট প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয়ী সুবিধা এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্য।
শনিবার বিকেলে রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে অনুষ্ঠিত “ওয়ালটন মেগা লঞ্চ” অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব নতুন মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার উন্মোচন করা হয়। দেশের শীর্ষ রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের নতুন এই লাইনআপে রয়েছে প্রিমিয়াম সাইড-বাই-সাইড স্মার্ট ফ্রিজ, ওয়াটার ডিসপেনসারযুক্ত মডেল, নন-ফ্রস্ট ফ্রিজ, টপ মাউন্ট রেফ্রিজারেটর, সোলার-পাওয়ার্ড চেস্ট ফ্রিজার, ভার্টিক্যাল ফ্রিজার, মিনিবার ফ্রিজ, বেভারেজ কুলার এবং আইসক্রিম ফ্রিজার।
ওয়ালটন জানিয়েছে, আধুনিক জীবনযাপন, উন্নত প্রযুক্তি, দৃষ্টিনন্দন ডিজাইন এবং বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি মাথায় রেখে নতুন এই পণ্যগুলো তৈরি করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডের উপস্থিতি আরও শক্তিশালী করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
দেশীয় বাজারে নতুন মডেলের এসব ফ্রিজের দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৪৯০ টাকা থেকে শুরু করে ৩ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মীম, চিফ বিজনেস অফিসার মো. তাহসিনুল হক, রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের প্রধান আজমল ফেরদৌস বাপ্পী, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ভারতের ব্যবসায়িক অংশীদার সঞ্জয় সাহাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশের ব্যবসায়িক অংশীদাররাও ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।
প্রযুক্তিনির্ভর নতুন উদ্ভাবনের মাধ্যমে বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার প্রত্যাশা ওয়ালটনের।
