ডিবিএল সিরামিকসের উদ্ভাবনী উদ্যোগ ‘টাইলচক’ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৃজনশীল পুরস্কার ‘ওয়ান শো ২০২৬’-এ দুটি বিভাগে মেরিট পুরস্কার অর্জন করেছে। এই সাফল্যের মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম সিরামিকস ব্র্যান্ড হিসেবে বৈশ্বিক সৃজনশীল অঙ্গনে বিশেষ স্বীকৃতি পেল।
টাইলস উৎপাদনের সময় তৈরি হওয়া বর্জ্য কাদামাটি ব্যবহার করে স্কুলের চক তৈরির উদ্যোগ ‘টাইলচক’ আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাইলফলক গড়েছে। ডিবিএল সিরামিকসের এই প্রকল্পটি ‘ওয়ান শো ২০২৬’-এ গ্রিন পেন্সিল এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পেন্সিল বিভাগে মেরিট পুরস্কার অর্জন করেছে।
এর আগে প্রকল্পটি এশিয়ার শীর্ষ সৃজনশীল পুরস্কার স্পাইকস এশিয়া, অ্যাডফেস্ট এবং অ্যাডফোরাম ফিনিক্স ট্রিবিউটেও সম্মাননা লাভ করে। ‘টাইলচক’ একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে ভূমিকা রাখছে। একদিকে কারখানার পরিবেশদূষণকারী বর্জ্য কমানো হচ্ছে, অন্যদিকে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য শিক্ষাসামগ্রী সরবরাহ করা হচ্ছে।
প্রকল্পটির কার্যকারিতা আরও বিস্তৃত করতে এর প্রস্তুতপ্রণালী উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যাতে অন্য নির্মাতারাও এটি ব্যবহার করতে পারেন।
এই অনন্য অর্জন নিয়ে ডিবিএল সিরামিকস-এর চিফ বিজনেস অফিসার (সিবিও) মোহাম্মদ বায়েজীদ বাশার বলেন, এই সম্মান পেয়ে আমরা সত্যিই আনন্দিত! আমরা শুরু করেছিলাম আমাদের ইন্টারনাল প্রসেসগত একটি সমস্যা সমাধানের উদ্দেশ্যে, কখনো ভাবিনি এটি এত বড় জায়গায় পৌঁছে যাবে। পুরস্কার অবশ্যই অনুপ্রেরণার, কিন্তু আমাদের কাছে আসল অর্জন হলো আমাদের কারখানায় 'জিরো-ডাম্পিং' নিশ্চিত করা এবং সুবিধাবঞ্চিত শিশুদের হাতে শেখার উপকরণ পৌঁছে দেওয়া। আমরা বাংলাদেশকে এই প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব করতে পেরে কৃতজ্ঞ এবং ব্যবসার বাইরেও মানুষের জীবনে সত্যি কোনো কাজে আসে, এমন সব টেকসই সমাধান তৈরিতে আমরা সবসময় কাজ করে যাব।
এই স্বীকৃতি প্রমাণ করে, সৃজনশীলতা শুধু প্রচারণায় নয়, পরিবেশ ও সমাজের বাস্তব সমস্যার সমাধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিস্তারিত জানতে ভিজিট করুন: dblceramics.com/en/tile-chalk
