দুর্নীতিকাণ্ডে জেলে যাওয়ার পর থেকেই তার সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী Jacqueline Fernandez। বরং সম্পর্কের সমস্ত জল্পনা একেবারে ঝেড়ে ফেলতেই চেয়েছেন তিনি। কিন্তু অন্যদিকে Sukesh Chandrasekhar যেন কিছুতেই ভুলতে পারছেন না জ্যাকুলিনকে।
আইনের চোখে তিনি ‘ঠগ’। তবুও জেলবন্দি অবস্থায় বারবার প্রেম নিবেদন করে খবরের শিরোনামে উঠে আসছেন সুকেশ। যখনই সুযোগ পাচ্ছেন, তখনই জ্যাকুলিনকে উদ্দেশ করে প্রেমপত্র লিখছেন—আর সেটাও একেবারে খালি হাতে নয়।
বড়দিনে আঙুর বাগান, এবার হেলিকপ্টার!
এর আগে বড়দিনে একটি আঙুর বাগান উপহার দিয়ে চিঠি লিখেছিলেন তিনি। আর এবার ভালোবাসা দিবসে দাবি করলেন, জ্যাকুলিনের জন্য পাঠিয়েছেন বিলাসবহুল হেলিকপ্টার! সঙ্গে রয়েছে দীর্ঘ, আবেগভরা একটি চিঠি।
চিঠিতে জ্যাকুলিনকে ‘বেবি বম্মা’ সম্বোধন করে সুকেশ লিখেছেন—জেলের ঠান্ডা দেয়ালে বসে নিজেকে তার মরুভূমিতে একা মনে হয়। তিনি দাবি করেছেন, জ্যাকুলিনের হৃদয়ের প্রতিটি স্পন্দন নাকি তার জন্যই।
তার ভাষায়, দূরত্ব থাকলেও তাদের প্রেম নষ্ট হবে না। এমনকি অভিনেত্রীকে তার জন্য আইনি ঝামেলায় পড়তে হয়েছে বলে দুঃখও প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে আশ্বাস দিয়েছেন—সব সমস্যার সমাধান হবে, শান্তি ফিরবে জ্যাকুলিনের জীবনে।
“তুমি শুধুই আমার”
চিঠিতে সুকেশের আরও দাবি—“আমার বেবি, তুমি শুধুই আমার! অন্য কোনো পুরুষ তোমার হৃদয়ের ভগ্নাংশও পাবে না।” এমনকি তিনি লিখেছেন, যদি কখনো প্রেমকাহিনি লেখা হয়, তবে সেটি হবে শুধু তাদের দু’জনকে নিয়েই।
তবে চমক এখানেই শেষ নয়। সুকেশের দাবি, তিনি একটি এয়ারবাস হেলিকপ্টার কিনে পাঠিয়েছেন, যাতে জ্যাকুলিনের নাম ও পদবির প্রথম অক্ষর খোদাই করা রয়েছে। অন্দরসজ্জাও নাকি তার পছন্দমতো করানো হয়েছে। মুম্বাইয়ের ট্রাফিক এড়িয়ে সহজে যাতায়াতের জন্যই এমন উপহার—এমনটাই দাবি তার।
সবচেয়ে বড় কথা, এই বিলাসবহুল উপহার তিনি নাকি নিজের কষ্টার্জিত অর্থে কিনেছেন বলেও জানিয়েছেন।
তবে পুরো বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত জ্যাকুলিনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ভালোবাসা দিবসের এই ‘উপহার’ ঘিরে আবারও জোর জল্পনা শুরু হয়েছে বলিউড মহলে।
