ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বারিধারা স্কলার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। কেন্দ্রটি ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত।
ভোটকেন্দ্রে ঢুকতেই ভক্তদের ভিড় জমে যায়। অনেকেই তাকে ঘিরে ধরেন, কেউ ছবি তুলতে চান, কেউ সেলফি। জেমসও হাসিমুখে সাড়া দেন। ভোটার ও দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায় তাকে।
ভোট দেওয়ার পর প্রতিক্রিয়ায় জেমস বলেন,“সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়াই দেশ। সামনে যে আসবে, এ ধারা যেন অব্যাহত থাকে। দেশে যেন শান্তি আসে, দেশের মানুষ যেন ভালো থাকে।”
নির্বাচনের পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি। তার ভাষায়,“খুবই স্মুথ সব। এলাম, স্লিপ নিলাম, ভোট দিলাম, সুন্দর। কোনো ঝামেলা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকারকে এর জন্য ধন্যবাদ।”
ভোট দিয়ে দায়িত্ব শেষ করেই থেমে থাকেননি জেমস। ব্যান্ডের অন্য সদস্যদেরও ভোট দিতে উৎসাহ দেন তিনি। ফোনে কথা বলে নিজের ভোট দেওয়ার খবর জানান এবং সবার খোঁজখবর নেন।
সংগীতের মঞ্চ থেকে ভোটকেন্দ্র—সব জায়গাতেই নিজের উপস্থিতি দিয়ে বারবার আলোচনায় থাকেন জেমস। এবারও তার ব্যতিক্রম হয়নি।
