বলিউডের কিংবদন্তি অভিনেত্রী তনুজার মেয়ে তানিশা মুখার্জি। বলিউডে দারুণ সফল তাঁর বোন কাজল মুখার্জি। তানিশাও যে পিছিয়ে নেই—রিয়্যালিটি শো আর ওয়েব সিরিজে দারুণ কাজ করছেন তিনি। তবে একটি অভিজ্ঞতা এখনও তাড়া করে বেড়ায় তাঁকে। সেটা হলো বিতর্কিত রিয়্যালিটি শো ‘বিগ বস’।

হ্যাঁ, বিগ বসের সপ্তম সিজনে অংশ নিয়ে ফার্স্ট রানারআপ হয়েছিলেন তানিশা। কিন্তু এই যাত্রা যে তাঁর জন্য মোটেও সুখকর ছিল না, সেটাই এখন নিজের মুখে বললেন তিনি। পডকাস্ট মামারাজিকে দেওয়া সাক্ষাৎকারে তানিশা জানালেন, পুরো অভিজ্ঞতাটি ছিল মানসিকভাবে কষ্টদায়ক ও আবেগগতভাবে চাপের। এমনকি এটাকে ‘ট্রমাটিক’ বলেও মন্তব্য করলেন এই অভিনেত্রী।

কেন এত কষ্ট পেয়েছিলেন তানিশা? তিনি নিজেই জানান, ‘বিগ বসের সপ্তম সিজনে আমার অনেক কথোপকথন কেটে দেওয়া হতো। কারণ আমি ভালো হিন্দি বলতে পারতাম না, তাই ইংরেজিতে কথা বলতাম। আর ইচ্ছাকৃতভাবে কিছু বিষয় নিয়ে কথা বলতাম না, যাতে ঝগড়া বা খারাপ পরিস্থিতি না হয়। চাইতাম না, আমার পরিবারের প্রতি নেতিবাচক প্রতিক্রিয়া যাক।’

সেই সময় নিজেকে ‘অপরিণত’ বলছেন তানিশা। তিনি বলেন, ‘শো থেকে বেরোনোর আগ পর্যন্ত বুঝতেই পারিনি, অন্য প্রতিযোগীরা স্ক্রিন টাইম পাওয়ার জন্য কাজল আর অজয় দেবগনের নাম ব্যবহার করছিলেন। এখন হলে নিজেকে এভাবে কখনোই ফেলতাম না যেখানে পরিবার নিয়ে যা খুশি বলার অধিকার কেউ পায়। এই অভিজ্ঞতা আমাকে অনেক সচেতন করেছে। মানুষ সত্যিই আমার পরিবারের পেছনে লেগেছিল। চ্যানেল কর্তৃপক্ষও মাঝে মাঝে আমাকে কষ্ট দিয়েছে।’

প্রশ্ন করা হলে বিগ বসের অভিজ্ঞতা ‘ট্রমাটিক’ ছিল কি না, তানিশা এককথায় বলেন, ‘অবশ্যই।’ এমনকি শোয়ের ভেতরে তৈরি হওয়া বন্ধুত্বকে তিনি ‘ট্রমা বন্ড’ বলেও মন্তব্য করেন। তিনি ব্যাখ্যা করে বলেন, ‘মানুষ যখন সেই ট্রমা থেকে সেরে ওঠে, তখন বুঝতে পারে সেই বন্ধুত্বগুলোর আসল রূপ।’

আরেক মজার বিষয় হলো, বিগ বসের ঘরে তানিশার পরিবারের কেউ যাননি। কেন যাননি? তানিশার জবাব, ‘তারা বিনা পয়সায় কেন আসবেন? এটাও তো একটা টিভি শো। এখানে সবাই পারিশ্রমিক পাচ্ছেন।’

বর্তমানে বিজ্ঞাপন ও ওয়েব সিরিজে ব্যস্ত তানিশা মুখার্জি। বলিউড সিনেমায় খুব একটা সুবিধা করতে পারেননি, তবে রিয়্যালিটি শো আর ওয়েবের মাধ্যমেই তিনি ভক্তদের মন জয় করে নিয়েছেন।

 

news