‘প্যান ইন্ডিয়া’ শব্দটাকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন এসএস রাজামৌলি তাঁর ‘বাহুবলী’ দিয়ে। দক্ষিণী সিনেমা নিয়মিতভাবে হিন্দি বলয়ে সাফল্য পেলেও বলিউড ততটা পায়নি। তবে এবার সেই হিসেব পুরোপুরি বদলে দিল আদিত্য ধর-এর ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।
রণবীর সিংয়ের এই স্পাই থ্রিলার শুধু বক্স অফিসে তুফানই তুলেনি, বরং দক্ষিণের পাঁচ রাজ্যে ২৫০ কোটি রুপি ব্যবসা করে বলিউডকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। যা প্রভাসের ‘দ্য রাজা সাব’-এর আয়কেও ছাপিয়ে গেছে। দেশের ভেতরের বাজারে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১১৩৯ কোটি রুপি।
সাধারণত হিন্দি সিনেমার সাফল্য হয় উত্তর ভারতেই। কিন্তু ‘ধুরন্ধর টু’ একা কর্ণাটক রাজ্য থেকেই আয় করেছে ১২৫ কোটি রুপি। অথচ কন্নড় সিনেমার ইতিহাসে মাত্র চারটি স্থানীয় সিনেমা এই সংখ্যা স্পর্শ করতে পেরেছে।
শুধু তাই নয়, অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানায় ছবিটির আয় ৮০ কোটি রুপি। এই প্রথম কোনো হিন্দি সিনেমা তেলেগু বলয়ে গিয়ে প্রভাসের সিনেমাকেও পেছনে ফেলার সাহস দেখাল! দক্ষিণের প্যান ইন্ডিয়া ছবিগুলো উত্তর ভারতে ডাবিং সংস্করণের ওপর নির্ভর করে। কিন্তু ‘ধুরন্ধর টু’-র ক্ষেত্রে ঘটল উল্টো।
মোট আয়ের মধ্যে ডাবিং সংস্করণের অবদান মাত্র ৭০ কোটি রুপি। তার মানে দক্ষিণের বড় শহর ও মেট্রো শহরগুলোর দর্শক ডাবিং না দেখে মূল হিন্দি সংস্করণেই ছবিটি উপভোগ করেছে। শহুরে দর্শকদের এই বিপুল সাড়াই ছবিটিকে ‘অ্যানিমেল’ বা ‘জওয়ান’-এর চেয়েও দ্বিগুণ আয় করতে সাহায্য করেছে।
