ঢাকার বেইলি রোডে আজ ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে মঞ্চনাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর বিশেষ প্রদর্শনী। প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নাটকের পাশাপাশি থাকবে জাগরণমূলক সংগীত এবং শিক্ষার্থীদের আঁকা ঐতিহাসিক প্রতিকৃতির প্রদর্শনী।
ঢাকা পদাতিকের আয়োজনে এবং ইতিহাস ও ঐতিহ্য পরিষদ ও সাংস্কৃতিক বিদ্যালয় তপোবনের সহযোগিতায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে অনুষ্ঠানটি হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এতে কোনো প্রবেশমূল্য রাখা হয়নি।
অনুষ্ঠানের শুরুতে তপোবনের শিল্পীরা দলীয় সংগীত পরিবেশন করবেন। মিলনায়তনের প্রবেশপথে প্রদর্শিত হবে ঢাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের আঁকা প্রীতিলতা ওয়াদ্দেদার, চট্টগ্রাম যুববিদ্রোহ, জালালাবাদ পাহাড় ও ধলঘাট খণ্ডযুদ্ধের ছবি। পাশাপাশি চট্টগ্রামের বিপ্লবীদের ছবি এবং ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর বিভিন্ন মঞ্চায়নের প্রামাণ্যচিত্রও দেখানো হবে। অতিথিদের বক্তব্যের পর শুরু হবে নাটকের বিশেষ প্রদর্শনী।
ঢাকা পদাতিকের ৩৮তম প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্যসেন’। এবারের আয়োজনটি হবে নাটকটির ৪৭তম মঞ্চায়ন। ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা মাস্টারদা সূর্যসেনের বিচার ও হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নাটকটির কাহিনি নির্মিত হয়েছে।
নাটকটি রচনা ও মূল নির্দেশনা দিয়েছিলেন একুশে পদকপ্রাপ্ত নাট্যজন মাসুম আজিজ। তাঁর মৃত্যুর পর নবনির্দেশনার দায়িত্ব নেন অভিনেতা ও নির্দেশক নাদের চৌধুরী। প্রয়োজন অনুযায়ী তিনি নাটকের কিছু অংশে অলংকরণ ও মঞ্চ-পরিকল্পনায় পরিবর্তন এনেছেন। পাশাপাশি মাস্টারদা সূর্যসেনের চরিত্রেও অভিনয় করছেন তিনি।
নাদের চৌধুরী বলেন, ‘ট্রায়াল অব সূর্যসেন’ ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাসভিত্তিক গুরুত্বপূর্ণ একটি নাটক। মাসুম আজিজের মৃত্যুর পর প্রয়োজন অনুযায়ী কিছু অংশে অলংকরণ করে তিনি নবনির্দেশনার কাজটি করেছেন। তাঁর ভাষ্য, ইতিহাসভিত্তিক এই নাটক বর্তমান প্রজন্মের দেখা উচিত।
প্রায় ৪০টি চরিত্র নিয়ে নির্মিত নাটকটিতে সূর্যসেন, কল্পনা দত্ত, তারকেশ্বর দস্তিদার, প্রীতিলতা ওয়াদ্দেদার, অম্বিকা চক্রবর্তী, নির্মল সেন, ব্রিটিশ উকিল, নেত্র সেন ও বাঙালি উকিলসহ বিভিন্ন চরিত্র রয়েছে। এতে অভিনয় করছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নান্টু, সাবিহা জামান, মামুন উর রশিদ, শ্যামল হাসান, আক্তার হোসেন, রবিউল ইসলাম মিলটনসহ আরও অনেকে।