ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা-র সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করেছেন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। আর সেটিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের স্টোরিতে রুমিন ফারহানার সঙ্গে তোলা একটি ছবি আপলোড করেন অপু। নেত্রীর জয়ে তাকে শুভেচ্ছা জানান তিনি। নারী নেতৃত্বের এই সাফল্যে ‘ঢালিউড কুইন’-এর সমর্থন নেটিজেনদের একাংশের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।
তবে সবাই যে প্রশংসায় ভাসিয়েছেন, তা নয়। ছবিটি ঘিরে সমালোচনাও শুরু হয়।
নেটিজেনদের একাংশের দাবি, রুমিন ফারহানার সঙ্গে ছবিটিকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছেন অপু বিশ্বাস। আবার কেউ কেউ মনে করছেন, তারকাদের এমন রাজনৈতিক ছবি ও প্রতিক্রিয়া প্রকাশের উদ্দেশ্য বরাবরই নেতিবাচক বার্তা দেয়।
তবে এ বিষয়ে অভিনেত্রীর অবস্থান ভিন্ন। তার মতে, রুমিন ফারহানাকে রাজনৈতিক মহল, সাধারণ মানুষ থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন—এটি স্বাভাবিক বিষয়। একজন সিনেমার মানুষ হিসেবে শিল্পের সার্বিক উন্নয়নের প্রত্যাশা থেকেই শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
অপু বিশ্বাস মনে করেন, একটি শক্তিশালী চলচ্চিত্রশিল্প দেশের সংস্কৃতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমান সরকার সে লক্ষ্যেই কাজ করবে—এমন আশাও প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, বিএনপি থেকে বহিষ্কারের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হাঁস’ প্রতীকে নির্বাচনে অংশ নেন রুমিন ফারহানা। এক লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে বিএনপি জোট-সমর্থিত প্রার্থীকে বড় ব্যবধানে হারান তিনি। জয়ের পর থেকেই জাতীয় রাজনীতির পরিচিত এই মুখ বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন।
সব মিলিয়ে, একটি ছবি ঘিরেই নতুন করে আলোচনায় অপু-রুমিন। এটি কি কেবল শুভেচ্ছা, নাকি তার চেয়েও বেশি কিছু—সেই প্রশ্নেই এখন সরগরম সোশ্যাল মিডিয়া।
