উত্তর আয়ারল্যান্ড নিয়ে ইইউর সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চুক্তি
নর্দান আয়ারল্যান্ড প্রটোকল নামে একটি চুক্তি থাকা সত্ত্বেও ব্রেক্সিটের পর ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সুযোগ সুবিধা থেকে উত্তর আয়ারল্যান্ড বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ বিষয়টি বিবেচনায় রেখে সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন লিয়েন বাণিজ্য আইন চুক্তি স্বাক্ষর করেছেন। উত্তর আয়ারল্যান্ড প্রটোকলের কারণে তৈরি হওয়া ঝামেলা মেটাতে এ চুক্তি করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, এ চুক্তি ইইউর সঙ্গে ব্রিটেনের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে।
চুক্তির পর উইনসরে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে এক সংবাদ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি জানিয়েছেন, দুই পক্ষ, ব্রিটেন এবং এর প্রদেশের সঙ্গে ‘যে কোনো ধরনের বাধা’ দূর করতে সম্মত হয়েছে। যা দুই পক্ষেরই রাজনীতিবিদদের ক্ষুব্ধ করেছিল।
বাণিজ্য বিষয়ক বাধা দূর করতে সমর্থ হওয়ায় প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রশংসা করেছেন ব্যবসায়ীরা। এছাড়া এ চুক্তির পর উরসুলা জানিয়েছে, যদি সুনাকের রাজনৈতিক দল চায় তাহলে ইইউর গবেষণা কার্যক্রমে ব্রিটিশ বিজ্ঞানীদের কাজ করার সুযোগ দেওয়া হবে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, প্রধানমন্ত্রী ঋষি সুনাকের জন্য এ চুক্তিটি একটি উচ্চ-ঝুঁকিপূর্ণ বিষয়। কারণ তিনি মাত্র চার মাস আগে প্রধানমন্ত্রী হয়েছেন। ঋষি এখন চাইছেন ইইউ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে। তবে তাদের খুশি করতে গিয়ে আবার নিজ দলের বেক্সিটপন্থি সদস্যদেরও ক্ষুব্ধ করতে চান না তিনি।
গ্রেট ব্রিটেন ইইউ ছাড়ার আগে উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে যে চুক্তি করেছিল তা নিয়ে ব্রিটিশ সরকার বলছে, বর্তমানে এটি এখন আর কাজ করছে না।
এনবিএস/ওডে/সি