সুপ্রিম কোর্টের রায়ের পর ‘জেলে ভরো আন্দোলন’ বাতিল ইমরান খানের

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বুধবার নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে তিনি ‘জেলে ভরো আন্দোলন’ বাতিলের ঘোষণা করেছেন। তিনি বলেছেন, তার দল এখন পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া নির্বাচনের দিকে এগিয়ে যাবে।

পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুনখোওয়ায় প্রাদেশিক পরিষদের নির্বাচন ৯০ দিনের মধ্যে করতে হবে বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট। বুধবার পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে দেশটির শীর্ষ আদালতের পাঁচ সদস্যের বেঞ্চ ৩-২ ব্যবধানে বিভক্ত এই রায় দেয়।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘সংবিধানকে সমুন্নত রাখা সুপ্রিম কোর্টের দায়িত্ব। আজকের রায়ে তারা সেই দায়িত্ব পালন করেছেন।’

রায়ে প্রেসিডেন্টকে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করে পাঞ্জাবের নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে। একইসঙ্গে খাইবার পাখতুনখোয়ার গভর্নরকে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আবেদনকারী দলের প্রধান ইমরান খান বলেছেন, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো পাকিস্তানে আইনের শাসন বিদ্যমান আছে। এর আগে পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী বলেন, এই রায় পিটিআইয়ের অবস্থানকেই স্বীকৃতি প্রদান করেছে।

এনবিএস/ওডে/সি

Walton Ads