‘রাজনীতি করা কঠিন হয়ে পড়েছে’, লন্ডনে সরব রাহুল

সাত দিনের সফরে বর্তমানে লন্ডন রয়েছেন কংগ্রেস পার্লামেন্ট সদস্য রাহুল গান্ধী। সেখানে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক ভাষণে প্রাক্তন কংগ্রেস সভাপতি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন। নানা অভিযোগ তুলেছেন নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে। তুলেছেন বিরোধীদের ফোনে আড়িপাতা এবং সিবিআই, ইডির মতো এজেন্সি দিয়ে হেনস্থার অভিযোগ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস নেতা ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাবেক উপদেষ্টা পিত্রোদা এমবিএ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া রাহুলের এই ভাষণটি ইউটিউবে লিংক শেয়ার করেন।

ওয়ালের প্রতিবেদনে বলা হয়, রাহুল অতীতেও বিদেশের মাটিতে দাঁড়িয়ে মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন। কঠোর ভাষায় জবাব দিয়েছে বিজেপিও। এমনকী বিদেশে গিয়ে দেশের নিন্দা করায় ‘দেশবিরোধী’ বলেও বলা হয়েছে রাহুলকে। এমনকী বিজেপি সভাপতি জেপি নাড্ডা তাকে কটাক্ষ করেছেন, ‘দেশে শোনার লোক নেই, তাই বিদেশে গিয়ে কান্নাকাটি করছেন।’ রাহুলের চলতি সফর এবং বক্তব্য নিয়ে বিজেপি এখনও মুখ খোলেনি।

ভাষণে রাহুল বলেন, ভারতে বিরোধীদের রাজনীতি করা কঠিন হয়ে পড়েছে। সাধারণ মানুষের সঙ্গে তাদের যোগাযোগের রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। মন খুলে কথা বলার উপায় নেই। বিরোধী নেতাদের ফোনে আড়ি পাতছে গোয়েন্দা সংস্থাগুলো।

ফোনে আড়িপাতা নিয়ে গত বছর তুমুল বিতর্ক হয়েছিল ইজরায়েলের পেগাসাস সফটওয়্যার নিয়ে। দেশে বিরোধী নেতাদের ফোনে ওই সফটওয়্যার ঢুকিয়ে দিয়ে ফোনালাপ রেকর্ড করা হত বলে অভিযোগ ওঠে। ইংল্যান্ডের সভায় রাহুল সেই পেগাসাস প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, আমার ফোনেও পেগাসাস ঢুকিয়ে দেওয়া হয়েছিল। একজন গোয়েন্দা অফিসার আমাকে সতর্ক করে দিয়ে বলেন, ফোনে সাবধানে কথা বলবেন। আপনার ফোন ট্যাপ করা হয়।

কংগ্রেসের অধুনা বন্ধ মুখপত্র ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি বেহাত হওয়ার মামলায় গত বছর সোনিয়া ও রাহুলকে জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাহুলকে পর পর পাঁচদিন তলব করেছিল ইডি। ইংল্যান্ডের ভাষণে রাহুল বলেন, ‘বিরোধীদের এজেন্সি দিয়ে হেনস্থা করা হচ্ছে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা কোনওভাবেই ফৌজদারি দণ্ডবিধির মধ্যে পড়ে না। তা সত্ত্বেও অপরাধের ধারায় মামলা দায়ের করে ডেকে পাঠানো হয়।’

এনবিএস/ওডে/সি

Walton Ads